ভোলা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার সিভিল সার্জন ডা. শাহে আলম শরীফের অপসারণ চেয়ে তার নিজ উপজেলা চরফ্যাশনে বিক্ষোভ করেছে শত শত যুবক।
তারা সিভিল সার্জনের বাসায় ইট-পাটকেল নিক্ষেপ করে।
বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের কাছ থেকে টাকা নিয়েও চাকরি দেননি সিভিল সার্জন। তবে সিভিল সার্জন এ অভিযোগ অস্বীকার করেছেন।
বৃহস্পতিবার দুপুরে চরফ্যাশন উপজেলা সদরে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও উপজেলা প্রসাশন জানিয়েছে। এর আগে বুধবার বিকালে বিক্ষোভকারীরা প্রথম দফায় হামলা চালায়।
চরফ্যাশন থানার ওসি মো. রেজাউল করিম বলেন, যুবকরা ওই বাসায় ইট-পাটকেল নিক্ষেপকালে পুলিশ গিয়ে বাধা দেয় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই আলম বলেন, যুবকরা আমার কাছে এসে মৌখিকভাবে অভিযোগ করেছে যে, ঘুষ নিয়ে তাদের চাকরি দেওয়া হয়নি। তারা সিভিল সার্জনের অপসারণ ও বিচার দাবি করেছে।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. শাহে আলম শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমি কোনো প্রার্থীর কাছ থেকেই টাকা নেইনি। মেধায় যারা টিকেছে শুধু তাদেরই চাকরি হয়েছে।
তিনি জানান, সিভিল সার্জন কার্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর মোট ৬৩টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে আবেদন পড়ে সাড়ে ৩ হাজার। এতে কি সবার চাকরি হয়?
সিভিল সার্জন অভিযোগ করেন, ভোলার চার জন সাংসদদের কথা রাখতে গিয়ে এমনটি হচ্ছে। সবাই চাইছে নিজেদের লোক নিয়োগ পাক। কিন্তু সবার মন রাখার চেষ্টা করেছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০৩৬ ঘ.
bdnews24