২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিপ্রবিতে ছাত্রলীগ পেটাল ছাত্রদল নেতাকে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রদল নেতাকে মারধর করেছে ছাত্রলীগকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 05:08 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

সিলেট, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রদল নেতাকে মারধর করেছে ছাত্রলীগকর্মীরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন সংলগ্ন একটি টং দোকানে মৃত্যুঞ্জয় বিশ্বাসকে মারধর করা হয়। মৃত্যুঞ্জয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও পরিসংখ্যান বিভাগের মাস্টার্স ১ম সেমিস্টারের ছাত্র। আহত অবস্থায় তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিকালে মদিনা মার্কেট এলাকায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়া এ ঘটনার বিচার চেয়ে প্রক্টর ও উপাচার্য বরাবর লিখিত অভিযোগ ও স্মারকলিপি দিয়েছেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানায়, মৃত্যুঞ্জয় বিশ্ববিদ্যালয়ে একটি টং দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় কয়েকজন ছাত্রলীগকর্মী লাঠিসোটা দিয়ে মৃত্যুঞ্জয়কে মারধর করে। মৃত্যুঞ্জয়ের অভিযোগ, "কোন কারণ ছাড়াই ছাত্রলীগের কর্মীরা আমার উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। ওই সময় ছাত্রলীগ নেতা আসাদ পাশে দাঁড়িয়েছিলেন। তার নির্দেশেই হামলা চালানো হয়েছে।" শাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক এসএম জাহাঙ্গীর বলেন, "ছাত্রলীগ আমাদের নেতাকর্মীদের উপর আগেও হামলা করেছে। কিন্তু কোনো বিচার হয়নি। এবার আমরা প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে বিচার না হলে ধর্মঘটের ডাক দেব।" এ ব্যাপারে ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ বলেন, মৃত্যুঞ্জয় টংয়ে বসে গাঁজা খাচ্ছিলেন। তাই ছাত্রলীগকর্মীরা তাকে মারধর করেছে। বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম জানান, "ছাত্রদলের অভিযোগপত্রটি আমি হাতে পেয়েছি। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার প্রক্টরিয়াল বডির জরুরি সভা ডাকা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৩ ঘ.