ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ দাবি করেছেন, বিএনপি সবসময় সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যকে ব্যবহার করে ক্ষমতায় আসার চক্রান্ত করে।
বুধবার বিকালে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী বলেন, "বিএনপি জনগণকে আস্থায় নিতে পারে না। জনগণের জন্য আন্দোলনও করে না। তারা চেনে চক্রান্ত আর অর্থ।
"বিএনপি সবসময় চক্রান্ত করে ক্ষমতায় যেতে চায়। কিভাবে আর্মিকে ব্যবহার করে ক্ষমতায় আসবে- সে চিন্তা করে। তারা আর্মির কিছু বিপথগামী সদস্যকে সঙ্গে নিয়ে চক্রান্ত করে ক্ষমতায় আসতে চায়।"
সরকারি দল আওয়ামী লীগকে আন্দোলনের হুমকি না দিয়ে জনগণের কাছে ফিরে যাওয়ার জন্য বিরোধী দল বিএনপির প্রতি আহ্বানও জানান তথ্যমন্ত্রী।
তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, এ নিয়ে কোনো বক্তব্য থাকলে সংসদে এসে কথা বলুন।
বিকালে বাজেট আলোচনায় আরো অংশ নেন মোস্তফা জালাল মহিউদ্দিন, ইলিয়াছ মোল্লা, শামসুল হক চৌধুরী, জহিরুল হক ভুঁইয়া মোহন, মেরাজউদ্দিন মোল্লা, আফসারুল আমিন, আব্দুল মজিদ খান, মকবুল হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২১০ ঘ.
bdnews24