২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসান সাইদ আরো একদিনের রিমান্ডে

রুমানা মঞ্জুরের ফেসবুক ও ইমেইল অ্যাকাউন্ট পরীক্ষা করতে হাসান সাইদকে আরো একদিন হেফাজতে জিজ্ঞাসাবাদের (রিমান্ডে) অনুমতি দিয়েছে আদালত। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 09:31 AM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রুমানা মঞ্জুরের ফেইসবুক ও ইমেইল অ্যাকাউন্ট পরীক্ষা করতে হাসান সাইদকে আরো একদিন হেফাজতে জিজ্ঞাসাবাদের (রিমান্ডে) অনুমতি দিয়েছে আদালত। রুমানা হত্যাচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী তাকে ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান একদিনের হেফাজত মঞ্জুর করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মঞ্জুরকে হত্যাচেষ্টার মামলায় তার স্বামী হাসানকে গত ১৬ জুন দুই দিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। গত ৫ জুন ধানমণ্ডির বাসায় স্বামী হাসান সাইদের নির্যাতনের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা। এরপর তাকে ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরদিন রুমানার বাবা মঞ্জুর হোসেন ধানমণ্ডি থানায় হাসান সাইদকে আসামি করে হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা করেন। এর ১০ দিনেও মামলার আসামি গ্রেপ্তার না হওয়ায় গত ১৫ জুন হাইকোর্ট একটি রুল জারি করে। এই রুল জারির তিন ঘণ্টার মাথায় ওইদিন বিকালে হাসানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। দুদিনের হেফাজত শেষে ৩৮ বছর বয়সী সাইদকে রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের হেফাজত চান তদন্ত কর্মকর্তা। হেফাজত আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, রুমানা মঞ্জুুরের ফেইসবুক ও ইমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানতেন আসামি। ওই অ্যাকাউন্টগুলি পরীক্ষা করার জন্য তাকে হেফাজতে নেওয়া প্রয়োজন। হেফাজত আবেদনের বিরোধিতা করেন আসামি হাসানের আইনজীবী আইনজীবী মনোয়ার ইসলাম চৌধুরী। তিনি বলেন, প্রয়োজনে কারাফটকে সাবধানে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হোক। পুলিশ তাকে রিমান্ডে পিটিয়েছে। রুমানা মঞ্জুরকে নির্যাতনের ঘটনাটি 'খুন-খারাবি নয়' মন্তব্য করে মনোয়ার ইসলাম বলেন, আবার রিমান্ডের যৌক্তিকতা নেই। "তিনি [রুমানা মঞ্জুর] পশ্চিমা স্টাইলে জীবনযাপন করতেন। স্ত্রীর পরকীয়ার কারণে আসামি অসুস্থ হয়ে পড়েছে।" মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ফাউন্ডেশন রোববার ওকালতনামা দাখিল করে বাদিপক্ষভুক্ত হয়। সংগঠনটির পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভেঅকেট মাহমুদা আক্তার ও অ্যাডভোকেট শাম্মী আক্তার শাম্মী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৪৩৫ ঘ.