২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে উন্নয়ন হচ্ছে না: সন্তু লারমা

চুক্তি বাস্তবায়িত না হওয়ায় পাহাড়ে উন্নয়ন হচ্ছে না বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 03:15 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

রাঙামাটি, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুক্তি বাস্তবায়িত না হওয়ায় পাহাড়ে উন্নয়ন হচ্ছে না বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। তিন পার্বত্য জেলা পরিষদের প্রতিষ্ঠানগুলো জনকল্যাণমুখী না হয়ে রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে বলেও তিনি দাবি করেন। শনিবার রাঙামাটি জেলা পরিষদে আয়েজিত এক কর্মশালায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা এ কথা বলেন। 'পার্বত্য জেলা পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা' শীর্ষক কর্মশালায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা আদিবাসী উন্নয়ন কেন্দ্র ও মালেইয়া ফাউন্ডেশন আয়োজিত এ কর্মশালায় সন্তু লারমা আরো বলেন, পার্বত্য চুক্তি অনুযায়ী জেলা পরিষদ ক্ষমতাশালী প্রতিষ্ঠান হওয়া সত্বেও জেলা প্রশাসকরা নিজেদের মতো করে প্রশাসন চালাচ্ছেন। "অব্যাহত সেনাশাসনের কারণে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে," বলেন তিনি। মালেইয়া ফাউন্ডেশনের চেয়ারপার্সন চাকমা সার্কেল প্রধান ব্যারিস্টার দেবাশীষ রায়ের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য বৃষকেতু চাকমা ও উন্নয়ন বোর্ড সদস্য সচিব আলতাফ হোসেন। এছাড়া বক্তব্য রাখেন- খাগড়াছড়ি ও বান্দরবান হেডম্যান অ্যাসোসিয়েশন সভাপতি যথাক্রমে শক্তিপদ ত্রিপুরা ও রাংলাই ম্রো, নারী নেত্রী লালচা চাকমা, আইনজীবী সুস্মিতা চাকমা, কলেজ শিক্ষক মংসানু চৌধুরী, জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা, এনজিও কর্মী ধীমান খীসা, হরিকিশোর চাকমাসহ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৪ ঘ.