২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দিনের হরতাল চলছে

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলসহ সংবিধানের বিভিন্ন ধারা সংশোধনের উদ্যোগের প্রতিবাদে বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকে ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 04:16 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলসহ সংবিধানের বিভিন্ন ধারা সংশোধনের উদ্যোগের প্রতিবাদে বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকে ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন চলছে। রোববার সকাল থেকে শুরু হওয়া এ হরতাল শেষ হবে সোমবার সন্ধ্যা ৬টায়। হরতালে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল স্বাভাবিক। তবে বেশিরভাগ দোকানপাটই বন্ধ। অফিস-আদালতে কার্যক্রম চললেও উপস্থিতি তুলনামূলক কম। রাজধানীতে আগের দিনের চেয়ে সোমবার সকাল থেকে গাড়ি চলাচল বেশি দেখা যাচ্ছে। হরতালের সমর্থনে পিকেটারদের তৎপরতা খুব একটা দেখা না গেলেও কয়েকটি স্থানে সরকার সমর্থকদের হরতালবিরোধী মিছিল দেখা গেছে। এবার হরতালে পিকেটিংয়ের সময় গ্রেপ্তারের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক সাজাও দেওয়া হচ্ছে। সোমবার সারাদেশে অর্ধশতাধিক ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। বিএনপি এর প্রতিবাদ জানিয়েছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইন-সালিশ কেন্দ্রও। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, আইন অনুযায়ীই কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। আগের হরতালের মতোই বিএনপির কেন্দ্রীয় নেতারা নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নিয়েছেন। সেখানে রয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে পুলিশ কার্যালয় ঘিরে রাখায় কোনো মিছিল করতে পারছেন না তারা। হরতালের প্রথম দিনে বড় ধরনের গোলযোগ না হলেও গ্রেপ্তার হয়েছেন সাবেক দুই মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও হাফিজউদ্দিন আহমেদ। বিএনপি দাবি করেছে, হরতাল ডাকার পর রোববার বিকাল পর্যন্ত সারাদেশে ৭ শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঢাকায় দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। হরতালের আগের দিন ঢাকায় নয়টি গাড়িতে আগুন দেওয়া হয়। রোববার আগুন দেওয়া হয় দুটি বাসে। দেশের যে সব ইউনিয়নে নির্বাচন হচ্ছে, সে সব এলাকায় হরতাল থাকবে না বলে আগেই জানিয়েছে বিএনপি ও জামায়াত। সংবিধান ইস্যুতে হরতাল ছেড়ে আলোচনার জন্য সংসদে ফিরতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তবে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মির্জা ফখরুল। সরকারের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ এনে লাগাতার হরতালের হুমকিও দিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/কেটি/এমআই/১০১০ ঘ.