চট্টগ্রাম, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুরি যাওয়া আট লাখ টাকা মূল্যের গার্মেন্ট পণ্যসহ চোর চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মো. সাগর (২৫), মো. বাবুল ওরফে এক্সপোর্ট বাবুল (৩০), মো. ফারুক হোসেন (২৮)।
রোববার গোয়েন্দা পুলিশের এক বিজ্ঞপ্তি জানানো হয়, শনিবার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার ও পণ্য উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার সহকারি কমিশনার (এসি) প্রকৌশলী মো হাছান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পতেঙ্গা থানাধীন 'ইনকনট্রেড লিমিটেড' নামের ডিপো থেকে গত ২৩ মে জামার্নি পাঠানোর উদ্দেশ্যে একটি কাভার্ড ভ্যানে করে তিন হাজার পাঁচশ ৮২ কার্টুন টি-শার্ট বন্দরে নেওয়া হচ্ছিল।
পথে কাভার্ড ভ্যানটি থামিয়ে তিনশ কার্টুন টি-শার্ট নিয়ে যায় চোর চক্র। এ ঘটনায় কাভার্ডভ্যানটির চালক ও সহযোগী জড়িত ছিল। ঘটনার পর থেকে তারা পলাতক।
এসি হাছান চৌধুরী জানান, বাকি কাটুর্নসহ কাভার্ড ভ্যানটি ঘটনাস্থলেই পড়ে ছিল।
এ ঘটনায় ইনকনট্রেড লিমিটেডের নিরাপত্তা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ঘটনার দিন পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।
শনিবার নগরীর সল্টগোলা ক্রসিং এলাকা থেকে সাগর, মধ্যম হালিশহর থেকে বাবুল ও নিউমুরিং এলাকা থেকে ফারুক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচলাইশ থানা বহদ্দারহাট জামে মসজিদের সামনে থেকে একটি পিকআপ থেকে তিনশ কাটুর্ন টি-শার্ট উদ্ধার করা হয়।
এসি হাছান জানান, উদ্ধার পোশাকের মূল্য প্রায় আট লাখ টাকা। কাভার্ড ভ্যানের চালক ও সহযোগিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২০৫৫ ঘ.
bdnews24