চট্টগ্রাম, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকে টানা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন সকালে নগরীর বিভিন্ন স্থান থেকে ২৮ বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বহদ্দারহাট, কাজীর দেউড়ি ও শুলবহর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরআগে শনিবার রাতে আট জনকে গ্রেপ্তার করা হয়েছিলো।
বহদ্দারহাট মোড়ে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা সমবেত হয়ে মিছিলের চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়। এতে নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে ধাওয়া করে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বহদ্দরহাট মোড়ে পুলিশের ওপর হামলা ও পিকেটিংয়ের অভিযোগে ওই ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন- বাহার উদ্দিন (১৮), কামাল উদ্দিন (৩০), কৃষ্ণ শীল (২০), বাবুল সেন (২৪), জাহাঙ্গীর আলম (২৫), বাদশা (২০), জামাল উদ্দিন (৩০), আবদুল জব্বার (৩০), হাসান (২০) ও কায়সার (২২)।
অবশ্য নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন দাবি করেছেন শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে পুলিশ বিনা কারণে তাদের লাঠিপেটা ও কর্মীদের গ্রেপ্তার করেছে।
১২টার দিকে কাজীর দেউড়ি মোড়ে মিছিলের চেষ্টাকালে বিএনপির ১৩ নারী কর্মীকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার ওসি আবুল কালাম আজাদ গ্রেপ্তারের কথা স্বীকার করলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেননি।
সকাল ৯টার দিকে পাঁচলাইশ থানাধীন শুলকবহর এলাকায় পিকেটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো বেলাল।
গ্রেপ্তারকৃতরা হলেন- বখতেয়ার, জহিরুল, এন্তাজ মিয়া, বেলাল ও রাসেল।
এর আগে শনিবার রাতে বন্দর থানাধীন নেভি হাসপাতাল গেইট এলাকা থেকে আরো ৮ জন বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন- ফোরকান, ফরিদুল, সাইদুল, আবদুল হালিম, আরশাদুল, রশিদ, রঞ্জু ও কুদ্দুস।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মঞ্জুর মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারকৃতদের ভ্রাম্যমাণ আদলতে হাজির করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এএল/১৫২৮ ঘ.
bdnews24