চট্টগ্রাম, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার থেকে ৩৬ ঘণ্টার জন্য ডাকা হরতালের সমর্থনে চট্টগ্রামে শনিবার বিকালে সমাবেশ করেছে নগর বিএনপি।
মিছিল করতে চাইলেও পুলিশী বাধায় তা সম্ভব হয়নি।
নগরের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে বিকেল থেকে বিএনপি নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করে। বিকাল সাড়ে ৫টার দিকে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে নেতা-কর্মীরা মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়।
এ সময় তারা ভবনের সামনের সড়ক অবরোধ করে সমাবেশ করে দলীয় কার্যালয়ে ফিরে যায়।
আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, নগর সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সহ-সভাপতি শামসুল আলম, বিএনপিনেতা অ্যাডভোকেট আবদুস সাত্তার, অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
আমীর খসরু বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন তার বক্তব্য প্রত্যাহার করবেন না ততদিন পর্যন্ত আমাদের রাজপথের আন্দোলন চলবে।
বিকাল সাড়ে ৪টার দিকে বিএনপি'র কেন্দ্রীয় সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান ও মীর নাছিরের অনুসারী বিএনপিনেতাকর্মীরা পৃথক সমাবেশ করে নাসিমন ভবন চত্বরে।
এতে মীর মোহাম্মদ নাছির উদ্দিন, অ্যাডভোকেট আবদুস সাত্তার প্রমুখ বক্তব্য দেন।
পরে তারা আমীর খসরুর সমর্থকদের সঙ্গে এক হয়ে সমাবেশে অংশ নেন।
নোমান ও নাছির এবং আমীর খসরুর অনুসারী বিএনপিকর্মীরা দীর্ঘদিন ধরে পৃথকভাবে তাদের কর্মসূচি পালন করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২৩৩০ ঘ.
bdnews24