গাইবান্ধা, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগুনে প্রায় দেড়শ' দোকান পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ১৩ জন।
জেলা ফায়ার সার্ভিস জানিয়েছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
গাইবান্ধা ফায়ার সার্ভিস সিভিল ও ডিফেন্সের উপপরিচালক মো. আব্দুল হামিদ জানান, শহরের গোলাপবাগ হাটে শুক্রবার সকাল ৬টার দিকে ওই আগুনের সূত্রপাত হয়। এতে বাজারের গালামাল, কসমেটিক্স, তৈরি কাপড়, বীজ, জুতা, ওষুধ, হোটেল, মুদি দোকানসহ বিভিন্ন ধরনের ১০৫টি সম্পূর্ণ এবং ৪২টি ব্যবসা প্রতিষ্ঠান আংশিক পুড়ে যায়।
গাইবান্ধা, বগুড়ার সোনাতোলা, বগুড়া ও জয়পুরহাটের পাঁচবিবি দমকল বাহিনীর চারটি ইউনিট স্থানীয় এলাকবাসীর সহায়তায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোবিন্দগঞ্জ বণিক সমিতির সাধারণ সম্পাদক আখতার হোসেন জুয়েল জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ কোটি টাকা। তবে স্থানীয় প্রসাশন, পৌরসভা এবং জেলা ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ পাঁচ কোটি টাকার বেশি হবে না বলে জানিয়েছে।
গোবিন্দগঞ্জ পৌর চেয়ারম্যান আতাউর রহমান বলেন, পৌরসভা থেকে যথাসম্ভব ব্যবসায়ীদের সাহায্য করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০১১ ঘ.
bdnews24