বরিশাল, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভিযোগ প্রমাণিত না হওয়ায় বরিশাল নগরীর ইসলামী সমাজকল্যাণ পরিষদে লগি-বৈঠা নিয়ে হামলার মামলার ১৯ আসামিকে খালাস দিয়েছে আদালত।
বুধবার বিচার বিভাগীয় আদালতের হাকিম আবুল কালাম আজাদ ১৯ এ আদেশ দেন।
আসামিরা সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছেন তাদের আইনজীবী আমিনুল ইসলাম সেন্টু।
তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।
খালাশ পেয়েছেন- মাসুম ভুইয়া, জাকির, সুমন ওরফে ডোজ সুমন, মাসুদ, ডলার, টুকু, আনিসুর রহমান মুহুরী, রবি, মিলটন, রাসেল, অনি, মোয়াজ্জেম হোসেন ফিরোজ, পাটোয়ারী শামীম, মো. কালাম হাওলাদার, মো. নঈম হোসেন কালু, হাবিবুর রহমান খোকন, মো. মিরন, মিজানুর রহমান ও মো. ছালেক।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ১০ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের কাছে চার দলীয় জোট সরকারের ক্ষমতা হস্তন্তরের আগে তৎকালীন ১৪ দলীয় জোট নেতাকর্মীরা লগি-বৈঠা, রাম দা, পিস্তলসহ বিভিন্ন অস্ত্র নিয়ে ইসলামী সমাজকল্যাণ পরিষদ কার্যালয়ে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে।
ওই বছরের ২ নভেম্বর কোতয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন ইসলামী সমাজকল্যাণ পরিষদের অফিস সহকারী আব্দুর রহমান।
২০০৭ সালের ৩১ মে কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ চোধুরী ১৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৫ ঘ.
bdnews24