জামালপুর, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে ফল জালিয়াতির অভিযোগে সড়ক অবরোধ করেছে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকরা।
পুলিশ বলছে, ভোট কম পাওয়ায় পরাজিত প্রার্থী ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করেছে।
এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এছাড়া ছয়জন গুলিবিদ্ধ হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮১ রাউন্ড গুলিবর্ষণ করেছে।
মঙ্গলবার রাতে ঝাউগড়া ইউনিয়নের টগারচর মধ্যপাড়ায় ভোট গণনা শেষে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
জামালপুরের পুলিশ সুপার (এসপি) আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, পইরবাড়ি কেন্দ্রে ভোট গণনা শেষে রাত ৮টার দিকে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মফিকুল ইসলাম বাবলুর সমর্থকরা কেন্দ্র ঘেরাও করে ভোট গণনায় অনিয়মের অভিযোগ করে।
এ সময় তার সমর্থকরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং নির্বাচনী কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে।
তিনি জানান, খবর পেয়ে জামালপুর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যাওয়ার সময় ভোটকেন্দ্র থেকে প্রায় এক কিলোমিটার দূরে টগারচর মধ্যপাড়ায় বাবলুর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে। বাবলুর সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
ওই সময় পুলিশ ৮১ রাউন্ড গুলিবর্ষণ করে। এসময় রাস্তায় গাছ, বাঁশ ও ঘোড়ার গাড়ি ফেলে অবরোধ করে স্থানীয় লোকজন।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, শটগানের গুলিতে টগারচরের ৬ জন গুলিবিদ্ধ হয়। এছাড়া ইটপাটকেলের আঘাতে ৭ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়।
পুলিশের গুলিতে আহতরা হলেন- টগারচরের লুৎফর রহমান (৩০), আজিজুল হক (৩৩), সজল (৪৩), জলিল (৩১), সেলিম (৩২) ও বেলাল হোসেন (৪১)।
গ্রেপ্তারের ভয়ে কেউ হাসপাতালে ভর্তি হয়নি বলে এলাকার লোকজন জানায়।
এই ঘটনায় মেলান্দহ থানায় টগারচর এলাকার আড়াইশ' জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে, পরাজিত প্রার্থী মফিকুল ইসলাম বাবলুর ভাই জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সাবেক সাংসদ শফিকুল ইসলাম খোকা জানান, ঝাউগড়া ইউনিয়নের পইরবাড়ি কেন্দ্রের ভোট গণনায় ব্যাপক অনিয়ম করা হয়েছে।
এই অনিয়মের প্রতিবাদে এলাকার শতশত ভোটার টগারচর কেন্দ্রে আমার কাছে আসতে চাইলে পুলিশ তাদের উপর নির্বিচারে গুলি চালায়। এ সময় গ্রামের লোকজন নিজেদের আত্মরক্ষায় পুলিশের উপর ইটপাটকেল ছোঁড়ে।
তিনি বলেন, ওই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ১২৭ জন। কেন্দ্রটিকে কাস্টিং ভোট দেখানো হয়েছে ২ হাজার ৯৫। এর মধ্যে ৩ জন প্রার্থীর প্রতীকে ভোট দেখানে হয়েছে ১ হাজার ৮১১ ও বাতিল দেখানো হয়েছে ৬৭ ভোট। অনুপস্থিত দেখানো হয়েছে ৩২ ভোট।
তিনি দাবি করেন, কেন্দ্রের কাস্টিং ২১৭ ভোটের কোনো হিসাব দেখাননি প্রিসাইডিং কর্মকর্তা।
এ ব্যাপারে কথা বলার জন্য প্রিজাইডিং কর্মকর্তাকে ফোন করে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯২৩ ঘ.
bdnews24