চট্টগ্রাম, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন এ কে খান এলাকা থেকে ৩৯০টি ইয়াবা ট্যাবলেটসহ এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত চালকের নাম কবির আহম্মদ (৩৫)। তার বাড়ি টেকনাফ উপজেলার নীলা গ্রামে।
পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফজলুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে এ কে খান মোড়ে টেকনাফ থেকে কুমিল্লাগামী একটি ট্রাক আটক করা হয়। তল্লাশি চালিয়ে ট্রাকের সামনের সিটের নিচে ৩৯০টি ইয়াবা পাওয়া যায়।
এ সময় কবিরকে গ্রেপ্তার করা হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
তিনি বলেন, কবির দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। টেকনাফ থেকে দেশের বিভিন্ন জায়গায় এই নেশার বড়ি বিক্রি করেন তিনি।
এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি মামলা করার প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/জেকে/০০৩২ ঘ.
bdnews24