চট্টগ্রাম, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের দুটি উপজেলার ২৪ ইউনিয়নে মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা দু'টি হলো- মিরসরাই এবং সীতাকুণ্ড। এর মধ্যে মিরসরাইয়ে ১৫ এবং সীতাকুণ্ডের নয়টি ইউনিয়ন রয়েছে।
দুটি উপজেলায় ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসার খোরশেদ আলম।
মিরসরাই
মিরসরাই ১৫ ইউনিয়নে মোট ১৩৫টি ভোট কেন্দ্রের ৫৪৯টি কক্ষে ভোট নেওয়া হবে। ওই ১৫ ইউনিয়ন হলো- ধূম, দুর্গাপুর, হাইতকান্দি, হিংগুলী, ইছাখালী, কাটাছড়া, খৈয়াছড়া, মায়ানী, মিরসরাই, মিঠানালা, মঘাদিয়া, ওসমানপুর, সাহেরখীর, ওয়াহেদপুর ও জোরারগঞ্জ।
এসব ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ১২ হাজার। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬৫০ এবং নারী ভোটার এক লাখ ১১ হাজার ৩৫০ জন।
মিরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ কুতুবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় সোমবার থেকে নির্বাচনী এলাকাগুলোতে পুলিশ, আনসার-ভিডিপি ও বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যদের মোতায়েন করা হয়েছে।
সীতাকুণ্ড
সীতাকুণ্ড উপজেলার নয় ইউনিয়নে মোট ৮৮ ভোট কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। নয়টি ইউনিয়নের মধ্যে রয়েছে- বাঁশবাড়িয়া, বাড়বকুণ্ড, বারৈয়ঢালা, ভাটিয়ারী,কুমিরা, মুরাদপুর, ছলিমপুর, সোনাইছড়ি ও সৈয়দপুর।
এ উপজেলার মোট ভোটার ২ লাখ ১২ হাজার ৭৫৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৭৮৭ জন ও নারী ভোটার ৯৯ হাজার ৯৬৮ জন।
সীতাকুণ্ড উপজেলা নির্বাচন অফিসার সৈয়দা সাদেকা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচনে প্রতিকেন্দ্রে ২০ জন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এএল/২১২৮ ঘ.
bdnews24