নড়াইল, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজের বিচার চাওয়ায় নড়াইলের লোহাগড়া উপজেলায় একজনকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সকালে নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামে এ হামলায় আহত হন মুরারী সরকার (৫০)।
তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মুরারী সরকার বাদী হয়ে একই গ্রামের বাসার মিনা (৫০), মো. সাবু শেখ (৩০), সাবু সর্দার (৩০), মো. ইনামুল হক (২৫), বাচ্চু সর্দার (৩৫), সবুজ সর্দার (২৫), তহুর সর্দার (৩৪), ইদ্রিছ সর্দার (৩৫), মবুদ শেখ (৪৮), তুহিন মোল্লাকে (২০) আসামি করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, বুধবার (১ জুন) রাতে আসামিরা বাদীর বাড়ি গিয়ে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। প্রাণভয়ে তিনি তখনই আসামিদের এক লাখ টাকা দেন।
ওই সময় আসামিরা ঘটনাটি গোপন রাখতে বলে।
কিন্তু মুরারী সরকার বিষয়টি এলাকার লোকজনকে জানিয়ে বিচার দাবি করেন। এর জেরে এ হামলা চালানো হয়।
লোহাগড়া থানার ওসি আশরাফ হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তরা এলাকায় না থাকায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৭ ঘ.
bdnews24