নারায়ণগঞ্জ, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-নারায়ণগঞ্জসহ বিভিন্ন রুটে বর্ধিত বাসভাড়া প্রত্যাহারের দাবিতে আগামী ২০ জুন জেলা শহরে আধাবেলা হরতাল ডেকেছে 'যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম' নামের একটি সংগঠন।
শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে এক প্রতিবাদ সমাবেশে ফোরাম এ হরতালের ঘোষণা দেয়।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে 'অযৌক্তিক' বাস ভাড়া প্রত্যাহারের দাবি জানিয়ে এলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে যাত্রী সাধারণের ভোগান্তি চরমে পৌঁছেছে।
তাই আগামী ২০ জুন নারায়ণগঞ্জে শহরে ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা হরতাল পালন করা হবে।
তারা বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ বাস ভাড়া কোনোভাবেই ২৪ টাকার বেশি এবং নারায়ণগঞ্জ-চিটাগাং রোড বাস ভাড়া ১৪ টাকার বেশি মানা হবে না।
তারা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সর্বোচ্চ ১৬ টাকা ভাড়ায় বিআরটিসির বাস সার্ভিস চালুরও দাবি জানান।
যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহবায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা জাসদ সাধারণ সম্পাদক মোহর আলী চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা নেতা দুলাল সাহা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ'র মাহবুবুর রহমান ইসমাইল, সাম্যবাদী দলের হানিফুল কবির, সমমনা'র সভাপতি রোকনউদ্দিন আহমেদ, ওয়ার্কার্স পার্টির হিমাংশু সাহা, ন্যাপের আওলাদ হোসেন, জেলা সাংস্কৃতিক জোট সভাপতি ভবানী শংকর রায় প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৮ ঘ.
bdnews24