গাজীপুর, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে অপহরণ ও ডাকাতির অভিযোগে ৬ যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে কয়েকটি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
তাদের হাতে অপহৃত একজন ব্যবসায়ীকেও এ সময় উদ্ধার করে র্যাব।
মঙ্গলবার ভোরে গাজীপুর সদর উপজেলার চান্দনা-চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে এই ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ২টি বিদেশী পিস্তল, ১টি বিদেশী রিভলবার, ৪টি চাপাতি ও ১০টি গুলি উদ্ধার করা হয়।
সাগর নামের অপহৃত ব্যবসায়ীকে তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়। সাগরের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায়। গাজীপুরের চান্দনা চৌরাস্তায় তার ফলের দোকান রয়েছে।
র্যাবের উপ-পরিচালক মেজর নিশাদুল ইসলাম খান জানান, গ্রেপ্তারকৃতরা হলো গাজীপুরের সাব্দুল (২৪), সোমেন (২২), জয়নাল (২২) ও জহিরুল (২৭) এবং টাঙ্গাইলের সাব্বির (২০) ও শেরপুরের জহির (২৫)।
তিনি জানান, সোমবার স্থানীয় এক মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দেয়ার অভিযোগে তারা সাগরকে অপহরণ করে নির্যাতন চালিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৫১ ঘ.
bdnews24