২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিমন ঘটনায় চিকিৎসকের বক্তব্য শুনলো তদন্ত কমিটি

র‌্যাবের গুলিতে লিমনের পা হারানোর ঘটনা তদন্তে গঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি পঙ্গু হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকের বক্তব্য নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 09:49 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের গুলিতে লিমনের পা হারানোর ঘটনা তদন্তে গঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি পঙ্গু হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকের বক্তব্য নিয়েছে। মঙ্গলবার ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) সহযোগী অধ্যাপক মোফাখখারুল বারীর সঙ্গে কথা বলেন তদন্ত কর্মকর্তা বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শওকত আকবর। দুপুর আড়াইটার দিকে বারীর কক্ষে আসেন তদন্ত কর্মকর্তা। সংবাদ কর্মীদের সামনেই বারীর বক্তব্য নেওয়া হয়। তদন্ত কর্মকর্তা প্রায় ১০ মিনিট তার সঙ্গে কথা বলেন। অধ্যাপক বারীর তত্বাবধানই লিমন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। মোফাখখারুল তদন্ত কমিটিকে জানিয়েছেন, জীবন বাঁচাতেই লিমনের পা কেটে ফেলতে হয়েছিলো। পা কাটার আগে এ সংক্রান্ত বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়। তদন্ত কমিটির এক প্রশ্নের জবাবে বারী জানান, এ দেশে এই প্রতিষ্ঠানটি এ সংক্রান্ত চিকিৎসার একমাত্র স্বীকৃত প্রতিষ্ঠান। তদন্ত কমিটির কাছে বারীর দাবি লিমনের চিকিৎসার সব ব্যয় সরকারিভাবে করা হয়েছে। পরে সংবাদিকদের কাছে শওকত আকবর জানান, লিমনের সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে কথা বলতেই তার এখানে আসা। লিমনের সঙ্গে আর কথা বলার প্রয়োজন নেই জানিয়ে তিনি জানান, তদন্তকাজ শেষ পর্যায়ে। এখন (দুপুর পৌনে তিনটা) পর্যন্ত আর সময় বাড়ানো প্রয়োজন মনে হচ্ছে না। এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রতিবেদন যথা সময়ে যথাস্থানে জমা দেওয়া হবে। এ কমিটি বুধবার সকাল ১১টায় তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা। সংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধ্যাপক বারী জানান, লিমনকে হাসপাতালে রেখে চিকিৎসার এখন আর প্রয়োজন নেই। তিনি এখন সম্পূর্ণ সুস্থ। তাকে ২ জুন ছেড়ে দেওয়া হবে। এখন তার ফিজিওথেরাপি চলছে। বিকল্প পা সংযোজন বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, একটি বেসরকারি সংস্থা এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে। তবে এ জন্য আরো কিছু দিন সময় লাগবে। বারীর বক্তব্য নেওয়া শেষে তদন্ত কমিটি লিমনের শারীরিক অবস্থা সংক্রান্ত প্রতিবেদন চায়। এ বিষয়ে একদিন আগে একটি চিঠি দেওয়া হয়েছে বলেও জানান শওকত আকবর। জবাবে বারী জানান, এ সংক্রান্ত চিঠি তিনি পাননি। তবে তদন্ত কমিটি চাইলে তিনি প্রতিবেদন দেবেন। গত সপ্তাহে লিমন ও তার বাবা তোফাজ্জেল হোসেনের বক্তব্য নেয় কমিটি। ২৯ এপ্রিল ১৫ কার্য দিবস সময় দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কমিটি গঠন করা হয়। সে হিসেবে ২৩ মে ছিলো তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন। তবে আবেদনের প্রেক্ষিতে সময় সাত দিন বাড়ানো হয়। ঝালকাঠীর রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে গত ২৩ মার্চ লিমন পায়ে গুলিবিদ্ধ হন। তার দাবি, র‌্যাব পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করেছিলো। ওই ঘটনায় লিমনের বিরুদ্ধে দুটি মামলা করে র‌্যাব। অন্যদিকে তার মা হেনুয়ারা বেগম ১০ এপ্রিল র‌্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/পিডি/১৮০৩ ঘ.