ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়ায় চাকরির মেয়াদ শেষে অবৈধ হয়ে পড়া এবং অবৈধভাবে প্রবেশ করা ৩ লাখ বাংলাদেশিকে হাতে লেখা পাসপোর্ট দিচ্ছে সরকার।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, পাসপোর্ট পেলে এসব বাংলাদেশির মালয়েশিয়ায় থেকে যাওয়ার সুযোগ হবে।
কত দিনের মধ্যে এ পাসপোর্ট দেওয়া হবে- জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, এ বিষয়ে বুধবার একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে। সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
ওই সভায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাসপোর্ট অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তাদের সঙ্গে আলোচনা করেই পাসপোর্ট দেওয়ার সময় নির্ধারণ করে মালয়েশিয়ার সরকারকে জানানো হবে।
হাতেলেখা পাসপোর্ট দেওয়ার পর দ্রুততম সময়ের মধ্যেই এসব বাংলাদেশিকে মেশিন রিডেবল পাসপোর্টও (এমআরপি) সরবরাহ করা হবে বলে মন্ত্রী জানান।
পাসপোর্ট জটিলতায় মালয়েশিয়ায় অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের নিয়ে সমস্যায় ছিলো সরকার। এদের বৈধ হওয়ার জন্য দেশ থেকে পাসপোর্ট দেওয়ার জটিলতা এড়াতে হাতে লেখা পাসপোর্ট দিয়ে সমস্যার আশু সমাধানের পথ খুঁজছে সরকার।
৮৪ হাজার টাকায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ঘোষণার পরও এক্ষেত্রে আড়াই থেকে ৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, প্রচলিত আইনে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। এজন্য ১০ বছরের কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন করা হচ্ছে।
নতুন আইনে অভিযুক্তদের লাইসেন্স বাতিল এবং আর্থিক জরিমানার বিধানও রাখা হচ্ছে এবং যারা বেশি অর্থ দিয়ে বিদেশ যাবেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা বিধান রাখা হয়েছে বলে জানান তিনি।
সাম্প্রতিক মরিশাস সফর সম্পর্কে মোশাররফ বলেন, গত জানুয়ারি মাসে দেশটিতে এক সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি শ্রমিক নিহত হয়। ওই সব শ্রমিকের জন্য মরিশাস সরকার ইতোমধ্যেই জনপ্রতি ৭ হাজার ডলার করে ক্ষতিপূরণ দিয়েছে। তাদের জন্য আরো ৯০ হাজার ডলার সংগ্রহ করা হয়েছে। এ অর্থ বাংলাদেশি ব্যাংকে বিনিয়োগ করবে তারা।
বিনিয়োগ করা অর্থের মুনাফা থেকে ওইসব নিহত শ্রমিকের পরিবারকে প্রতিমাসে অর্থ সহায়তা দেওয়া হবে বলে মন্ত্রীকে জানিয়েছে মরিশাস সরকার।
সংবাদ সম্মেলনের আগে সচিবালয়ে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসিমের সঙ্গে বৈঠক করেন মোশাররফ।
মন্ত্রী বলেন, মালদ্বীপ সরকার সেখানে থাকা বাংলাদেশি শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি ৪২০ ডলার করার ঘোষণা দিয়েছে। তবে দেশটিতে নিবন্ধিত শ্রমিকরাই এ সুবিধা পাবে। এক্ষেত্রে অনিবন্ধিত শ্রমিকদের নিবন্ধনের জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫০০ ঘ.
bdnews24