ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের যুগ্ম-সচিব ও সমমর্যাদার ২১ জন কর্মকর্তার দপ্তর রদবদল করা হয়েছে।
এদের মধ্যে দু'জনকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। ১১ জনকে পদায়ন ও আটজনের কর্মস্থল বদল করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব নিয়োগ, বদলি ও পদায়ন করা হয়।
এদের মধ্যে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক আতাউল হক মোল্লা এবং ইউরোপীয় কমিশনের (ইসি) সাহায্যপুষ্ট স্কুল ফিডিং প্রোগ্রাম প্রকল্পের প্রকল্প পরিচালক মজিবুর রহমানকে ওএসডি করা হয়।
টিসিবি'র পরিচালক মাহফুজুর রহমানকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে নতুন পদায়ন করা হয় ওএসডি যুগ্মসচিব রেজাউল করিমকে।
ওএসডি যুগ্মসচিবদের মধ্যে বিএম কামালকে পেটেন্ট ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তরের নিবন্ধক, ফয়েজ আহমেদ ভূইয়াকে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) অতিরিক্ত মহাপরিচালক, নাহারীন চৌধুরীকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক, শেখ আব্দুল মান্নানকে মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য, আব্দুল হান্নান শেখকে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব, এসএম রেজওয়ান হোসেনকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক পদে পদায়ন ও প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
ওএসডি যুগ্মসচিব গোলাম মোস্তফা ও মোহাম্মাদ রফিকুল ইসলাম খানকে পেট্রোবাংলা'র পরিচালক, আকরাম হুসেইনকে লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) এমডিএস ও শামসুল আরেফিনকে বগুড়া আরডিএ'র মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়।
ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কৌশল্যা রানী বাগচীকে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের পরিচালক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ইমপ্যাক্ট প্রকল্পের প্রকল্প পরিচালক শুষেণ চন্দ্র দাসকে হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক সৈয়দ মোহাম্মদ মোজাম্মেল হককে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
বাংলাদেশ ফরমস ও প্রকাশনা অধিদপ্তরের উপ-নিয়ন্ত্রক মজিবর রহমানকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পরিচালক, বিএফডিসি'র পরিচালক এমদাদ হোসেন ও খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের গবেষণা পরিচালক মির্জা ফজলুল করিমকে বাংলাদেশ জুট মিলস্ করপোরেশনের (বিজেএমসি) পরিচালক ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ আব্দুল হালিমকে 'ইসি সাহায্যপুষ্ট স্কুল ফিডিং প্রোগ্রাম' প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়।
এছাড়া জামালপুরের প্রাক্তন মূখ্য বিচারিক হাকিম সফিকুল ইসলামকে দুর্নীতি দমন কমিশনের পরিচালক (লিগ্যাল অ্যান্ড প্রসিকিউশন) পদে প্রেষণে নিয়োগ করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত সিনিয়র সহকারী সচিব খোরশেদা ইয়াসমিন মন্ত্রিপরিষদ বিভাগে এবং আবুল ইসলামকে পরিকল্পনা বিভাগের সিনিয়র সহকারী সচিব পদে পদায়ন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২১১২ ঘ.
bdnews24