সিলেট, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিলেটের ফেঞ্চুগঞ্জে ব্যবসায়ী মখলিছ হত্যা মামলায় বাবা ও ছেলেসহ নয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
একইসঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
রোববার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এ রায় দেয়।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, লামা গঙড়াপুর গ্রামের বাসিন্দা আনোয়ার মাঝি ও তাঁর ছেলে সমুজ আলী, একই গ্রামের বাসিন্দা দুলাল, আব্বাস, সরফউদ্দিন, রুহুল আমিন, সামছুল, এমাদউদ্দিন ও কুলাউড়ার পৃথ্বিমপাশা গ্রামের ইউসুফ আলী।
এদের মধ্যে রুহুল, সামছুল ও এমাদউদ্দিন পলাতক রয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ১৮ ফেব্র"য়ারি রাতে লামা গঙড়াপুর গ্রামের স্টেশনারি ব্যবসায়ী মখলিছুর রহমান (৪৫) কাজ শেষে বাড়ি ফেরার পথে খেয়া নৌকায় নদী পার হচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে লাশ খেয়াঘাটে ফেলে রাখে।
এ ঘটনায় ১৯ ফেব্র"য়ারি মখলিছের বড় ভাই মোহাম্মদ আকলিছ খেয়া নৌকার মাঝি আনোয়ার মিয়াসহ নয় জনের বিরুদ্ধে অভিযোগ এনে হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে পুলিশ নয় জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। ২০০৬ সালের ৩০ এপ্রিল তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।
মামলার মোট ৩৬ জন সাক্ষীর মধ্যে ৩৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রোববার এ রায় দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৯৫৩ ঘ.
bdnews24