২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রশাসন বাস মালিকদের পক্ষ নিয়েছে'

নারায়ণগঞ্জের প্রশাসন বাস মালিকদের পক্ষ নিয়ে তাদের স্বার্থ সংরক্ষণ করছে বলে অভিযোগ করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2011, 01:06 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

নারায়ণগঞ্জ, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের প্রশাসন বাস মালিকদের পক্ষ নিয়ে তাদের স্বার্থ সংরক্ষণ করছে বলে অভিযোগ করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। শনিবার দুপুরে জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ফোরাম নেতারা বলেন, বাস মালিকরা সরকারের জারি করা প্রজ্ঞাপণ মানছে না। রাস্তার দূরত্ব বেশি দেখিয়ে বেশি ভাড়া আদায় করছে। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাবিব। লিখিত বক্তব্যে বলা হয়, ঢাকা-নারায়ণগঞ্জ রুটের দূরত্ব ২০ কিলোমিটার দেখিয়ে ২২ টাকা থেকে ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়। পরে প্রশাসন বিআরটিএ'র সভায় ২ টাকা কমিয়ে করে ২৮ টাকা। কিন্তু সরকারি প্রজ্ঞাপণ অনুযায়ী ভাড়া কোনোক্রমেই ২৪ টাকার বেশি হবে না। কারণ, ঢাকা থেকে নারায়ণগঞ্জের দূরত্ব ১৭ কিলোমিটারের বেশি নয়। একইভাবে নারায়ণগঞ্জ থেকে চিটাগাং রোড পর্যন্ত বাস মালিকরা ভাড়া নিচ্ছে ২০ টাকা। কিন্তু এখানে ভাড়া হওয়া উচিত ১৪ টাকা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জাসদ নেতা মোহর আলী চৌধুরী, সিপিবি নেতা দুলাল সাহা, বাসদ নেতা মাহবুবুর রহমান ইসমাইল, সাম্যবাদী দলের নেতা হানিফুল কবির, সাংস্কৃতিক সংগঠন সমমনা'র সভাপতি রোকনউদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট সভাপতি ভবানী শংকর রায় প্রমুখ। ফোরামের নেতৃবৃন্দ ঢাকা-নারায়ণগঞ্জ পথে সর্ব্বোচ্চ ১৬ টাকা ভাড়ায় সরকারি বাস (বিআরটিসি) চালুর দাবি জানান। এ দাবিতে আগামী ৩০ মে বিকালে শহরের শহীদ মিনারে সমাবেশও আহ্বান করা হয়েছে। নারায়ণগঞ্জে বিভিন্ন সংগঠন এর আগেও একই দাবিতে মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করে। ভাড়া নিয়ে বাস কাউন্টারে হামলার ঘটনাও ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯০০ ঘ.