সিরাজগঞ্জ, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় অ্যানথ্রাক্স বা তড়কা রোগে আক্রান্ত আরো আট জন নারী-পুরুষ সনাক্ত হয়েছে। এ নিয়ে গত দুদিনে এ রোগীর সংখ্যা ২৪ এ দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞদের শঙ্কা সত্যি করে চলতি বছর আবার অ্যানথ্রাক্স দেখা দিলো সিরাজগঞ্জে। গত বছর জুলাই মাসে এ দুই উপজেলায় অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছিলো ১১৪ জন।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুকুমার রায় নতুন করে আট জনের আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেন।
নতুন আক্রান্তদের মধ্যে উল্লাপাড়ার মোহনপুর ইউনিয়নের পাঁচ জন। বাকিরা শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়নের। দুটি ইউনিয়নই কাছাকাছি হওয়ায় তারা সবাই উল্লাপাড়ার চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নেন। আক্রান্তদের মধ্যে দুজন নারী।
ডা. সুকুমার শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
"ওই এলাকায় আরো রোগী রয়েছে কি না, তা অনুসন্ধানে একটি মেডিকেল টিম কাজ করছে", বলেন ডা. সুকুমার।
সাধারণত অ্যানথ্রাক্স আক্রান্ত পশু জবাই, মাংস কাটা ও ধোয়া বা পরিষ্কার করার সময় অ্যানথ্রাক্সের জীবাণু মানুষে সংক্রমিত হয়।
সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি মহিষ জবাইয়ের কারণে ওই এলাকায় অ্যানথ্রাক্সের এ সংক্রমণ ঘটে।
গত বছরের পুনরাবৃত্তি যেন না ঘটে সে জন্য শাহজাদপুরে গ্রামে গ্রামে গবাদি পশুকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
গত বছর অ্যানথ্রাক্স প্রায় সারাদেশে ছড়িয়ে পড়ে। এজন্য সরকারের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। অ্যানথ্রাক্সের কারণে গবাদি পশুর মাংস খাওয়া কমে যাওয়ায় চামড়া শিল্পেও ধস নামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৫১০ ঘ.
bdnews24