২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী কারাগারের হাজতীর মৃত্যু

নোয়াখালী জেলা কারাগারের এক হাজতীয় মৃত্যু নিয়ে দুরকম বক্তব্য দিয়েছে কারা কর্তৃপক্ষ ও হাসপাতালের চিকিৎসক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2011, 07:15 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

নোয়াখালী, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী জেলা কারাগারের এক হাজতীয় মৃত্যু নিয়ে দুরকম বক্তব্য দিয়েছে কারা কর্তৃপক্ষ ও হাসপাতালের চিকিৎসক। মৃত হাজতী মো. হামিদ আলী খোরশেদ (৩৫) নোয়াখালী পৌর এলাকার ভুলুয়া কলোনির মৃত আবদুর রশীদের ছেলে। কারা কর্তৃপক্ষ বলছে তিনি হাসপাতালে মারা যান। চিকিৎসক বলছেন তাকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। জেল সুপার মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বৃহস্পতিবার জানান, চুরি ও মাদকের পৃথক তিনটি মামলায় সুধারাম থানা পুলিশ গত ১৮ মে হামিদ আলীকে গ্রেপ্তার করে। পরদিন আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। কারাগারে আসার পর হামিদ আলী গত বুধবার হঠাৎ পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন- এ কথা জানিয়ে মাহবুবুল বলেন, এরপর তাকে প্রথমে কারা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মনির আহমেদ চৌধুরী বলেন, হাসপাতালের আনার আগেই হামিদ মারা যান। এদিকে খোরশেদের স্ত্রী রুনা বেগমও মাদক মামলায় গ্রেপ্তারের পর ৫ মে থেকে জেলা কারাগারে রয়েছেন বলে জানায় কারা কর্তৃপক্ষ। শুক্রবার ময়না তদন্তের পর খোরশেদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০০২৫ ঘ.