ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাসায়নিকযুক্ত ফল বিক্রি বন্ধে সরকারকে ছয়টি নির্দেশনা দিয়েছে হাইকোর্ট।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের এক আবেদনে বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এ নির্দেশনা দেয়।
রাসায়নিকযুক্ত ফল বিক্রি বন্ধ করতে দেশের সব আড়ত ও ফলের বাজারে তদারকি করতে আদালত বিএসটিআই ও র্যাবকে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়।
রাসায়নিক দ্রব্য মিশ্রিত ফল বিক্রি বন্ধে কী কী পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে একটি সুপারিশমালা তৈরি করতে খাদ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ১৫ দিনের মধ্যে এর অগ্রগতির প্রতিবেদন দিতে হবে।
এই দুই মন্ত্রণালয়ের প্রতি দেওয়া অপর নির্দেশনায় বাজার তদারক করতে পরিদর্শক দল গঠন করতে বলা হয়েছে, যাতে কেউ এ ধরনের ফল বিক্রি করতে না পারে।
রাসায়নিকযুক্ত ফল আমদানি ঠেকাতে সীমান্তের সব পয়েন্টে তদারক করতে এনবিআর চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে আদালত।
রাসায়নিকযুক্ত ফল আমদানি ও বাজারজাতকরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা আইনে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে।
বাগানে আমে রাসায়নিক দ্রব্যের মিশ্রণ ঠেকাতে ব্যবস্থা নিতে রাজশাহী রেঞ্জের উপমহা পুলিশ পরিদর্শককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের জনস্বার্থে করা এক রিটে গত বছরের ১০ মে হাইকোর্ট এ সংক্রান্ত একটি রায় দিয়েছিলো।
ওই রায়ের কথা তুলে ধরে আদালতে রিট আবেদনকারীর আইনজীবী আসাদুজ্জামান ও সারওয়ার আজম চৌধুরী এ আবেদনটি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৩৫০ ঘ.
bdnews24