২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে বিএনপির দু'পক্ষে সংঘর্ষ, আহত ২৫

নীলফামারীতে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। এ ঘটনায় এক যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2011, 07:07 AM

Updated : 24 Aug 2022, 03:09 PM

নীলফামারী, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীতে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। এ ঘটনায় এক যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে জেলা বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, জিয়াউর রহমানের মৃত্যুবার্র্ষিকী উপলক্ষে আলোচনা সভার এক পর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে বাক-বিতন্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় লাঠিসোটা, অস্ত্র ও হকিস্টিকের আঘাতে ছাত্রদল নেতা রুবেল, রবিউল আলম রব্বু, রুমেল, মুকুল, ময়নুল, রশিদুল, হাবুল, সাখাওয়াতসহ কমপক্ষে ২৩ জন আহত হয়। আহতরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। সহকারী পুলিশ সুপার (এএসপি) সাহাবুদ্দীন আহমেদ বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে চাইলে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু হানিফ আহত হয়। এসময় পুলিশ তিন রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে বলে জানান এএসপি। তিনি জানান, বহিস্কৃত যুবদল নেতা স্বপনকে (২৭) রাতেই গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে থানায় পুলিশ মামলা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩০৩ ঘ.