বরিশাল, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মাছ ভর্তি পিকআপ ভ্যান ও যাত্রীবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত সাত জন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নন্দপাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- টেম্পু চালক কবির (৩০) ও মাছ ব্যবসায়ী সফিক (৩০)। তাদের বাড়ি উপজেলার দক্ষিণ রুমসি এলাকায়।
বাকেরগঞ্জ থানার ওসি রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই কবির নিহত হয়। স্থানীয় লোকজন সফিককে হাসপাতালে নিলে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।
আহতরা সবাই টেম্পু যাত্রী। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে জাকির (৩৫) ও দেলোয়ারের (২৮) অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পিকআপ ভ্যানটি খুলনা থেকে মাছ নিয়ে বরগুনা জেলার আমতলী উপজেলায় যাচ্ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১২৫২ ঘ.
bdnews24