ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূস বলেছেন, ব্যাংকের কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুল বোঝানো হয়েছে।
বুধবার লন্ডনে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নোবেলজয়ী ইউনূস বলেন, "প্রধানমন্ত্রী ভুল ধারণা থেকে সমালোচনা করেছিলেন। তাকে ভুলভাবে বোঝানো হয়েছিলো বলেই তিনি এমনটি করেছিলেন। সত্য ঘটনা জানলে তিনি আমাকে ও গ্রামীণ ব্যাংককে নিয়ে সমালোচনা করতেন না।"
ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের তহবিল স্থানান্তরের অভিযোগ ওঠার পর গত ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, গরিব মানুষের রক্ত চুষে খেলে ধরা খেতে হয়।
এর আগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে হাসিনা ইউনূসের সমালোচনা করে বলেছিলেন, সুদখোর আর ঘুষখোরে কোনো তফাত নেই।
গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কর্মসূচি দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখেনি বলেও মনে করেন প্রধানমন্ত্রী। "দরিদ্র মানুষকে ঋণ দিয়ে অর্থ চুষে খাওয়া। কোথাও তো দরিদ্র মানুষের উন্নয়ন হয়নি। দরিদ্র মানুষকে দেখিয়ে শুধু টাকা নিয়ে আসা হয়েছে", বলেন তিনি।
প্রধানমন্ত্রীর এ সমালোচনাও নাকচ করেন গ্রামীণ ব্যাংক থেকে সদ্যবিদায়ী ব্যবস্থাপনা পরিচালক ইউনূস।
তিনি বলেন, "ক্ষুদ্র ঋণ-ভাবনার মূল মডেল অনেক ক্ষেত্রেই অনুসরণ করা হচ্ছে না। বরং ক্ষুদ্র ঋণের নামে বহু বাণিজ্যিক প্রতিষ্ঠান নিছক ব্যবসা চালাচ্ছে, সে কারণে ক্ষুদ্র-ঋণ নিয়ে কথা উঠছে।"
এ সমস্যার সমাধানে ইউনূসের পরামর্শ, সমাজের দরিদ্র শ্রেণীর জন্য সম্পূর্ণ পৃথক একটি ব্যাংকিং ব্যবস্থা চালু করতে হবে। অন্য যে সব বাণিজ্যিক সংস্থা এখান থেকে মুনাফা লুটবে তারা নিজেদেরকে ক্ষুদ্র ঋণের কারবারি বলে পরিচয় দিতে পারবে না।
আইনি লড়াইয়ে হেরে গত ১২ মে পদত্যাগের পর এই প্রথম কোনো সংবাদ মাধ্যমে বক্তব্য দিলেন ইউনূস।
অনুমোদন না নিয়ে পদে অধিষ্ঠিত হওয়ার কারণ দেখিয়ে কেন্দ্রীয় ব্যাংক গত ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ইউনূসকে অব্যাহতি দেয়। তিন দশক আগে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাকাল থেকেই ইউনূস এ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।
সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গিয়েও হারেন ইউনূস। এরপর পদত্যাগ করেন তিনি।
ইউনূসকে অব্যাহতি দেওয়ার সরকারি সিদ্ধান্তে দেশে-বিদেশে আলোচনা শুরু হয়। প্রধান বিরোধী দল বিএনপিও এর সমালোচনায় করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১১২০ ঘ.
bdnews24