দিনাজপুর, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিনে থাকা আসামিকে গ্রেপ্তারে বাধা দেওয়ায় দিনাজপুরে দুই আইনজীবীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
এ সময় অন্য আইনজীবী ও স্থানীয়রা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) তিন সদস্যকে বার সমিতি কার্যালয়ে আটকে রাখেন।
পরে ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্টসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বারে গিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।
বুধবার দিনাজপুর জেলা আদালত প্রঙ্গণে এ ঘটনা ঘটে বলে আইনজীবীরা জানান।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক একরামুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাকিমপুর থানার একটি মামলায় (জিআর-৯৮) হাইকোর্ট থেকে জামিন পাওয়া ১৭জন আসামি সকালে আদালতে এলে ডিবি পুলিশ তাদের অনুসরণ করতে থাকে।
বিকাল ৫টার দিকে তারা আদালত প্রাঙ্গণ ছাড়ার সময় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মিজান, কনস্টেবল আশরাফুল ও যতীশ দুই আসামিকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় আইনজীবী আবুল বাশার প্রিন্স ও রবিউল ইসলাম হাইকোর্টের জামিনের কাগজ দেখালে ডিবি পুলিশ তাদের টেনেহিঁছড়ে কাপড়চোপড় ছিঁড়ে দেয়।
এক পর্যায়ে অন্য আইনজীবী ও স্থানীয়রা পুলিশের তিন সদস্যকে ঘেরাও করে বারে নিয়ে যায়। এ সময় ওই পুলিশ সদস্যরা গ্রেপ্তারের স্বপক্ষে কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়।
খবর পেয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ অন্য পুলিশ কর্মকর্তারা এসে দুঃখ প্রকাশ করে দোষী পুলিশ সদস্যদের বরখাস্ত করার ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়। আটক ডিবি পুলিশকে তারা নিয়ে যান।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি আইনজীবীদের আশ্বাস দিয়েছি, দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।"
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক একরামুল আমীন জানান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মৌখিকভাবে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন দোষীদের বরখাস্ত করা হবে। তার এ ঘোষণা বাস্তবায়ন না হলে আইনজীবীরা কঠোর সিদ্ধান্ত নেবে।
আইনজীবী আবুল বাশার প্রিন্স অভিযোগ করেন, মামলার বাদীর মাধ্যমে প্রভাবিত হয়ে কোনো ওয়ারেন্ট ছাড়া ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করতে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৯ ঘ.
bdnews24