২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইলা দুর্গতদের জন্য ৮৫ লাখ পাউন্ডের প্রকল্প

দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকার আইলা দুর্গতদের পুনর্বাসনে আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোর এক কনসোর্টিয়াম ৮৫ লাখ পাউন্ডের একটি প্রকল্প চালু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 04:00 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

সৈয়দ নাহাস পাশা লন্ডন, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকার আইলা দুর্গতদের পুনর্বাসনে আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোর এক কনসোর্টিয়াম ৮৫ লাখ পাউন্ডের একটি প্রকল্প চালু করেছে। ওই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আঘাত হানার দুই বছর পূর্তির দিন বুধবার খুলনায় এ প্রকল্পের উদ্বোধন করেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক। ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলায় খুলনা ও সাতক্ষীরা জেলার ঊপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্থ ২ লাখ ১১ হাজার ২৬৫ জন মানুষের খাদ্য, পুনর্বাসন এবং জীবিকার ব্যবস্থা করার জন্য বিভিন্ন প্রকল্পে এ অর্থ ব্যয় করা হবে। ২০০৯ সালের ২৫ মে ওই ঘূর্ণিঝড়ে খুলনা, সাতক্ষীরা, বরিশাল, নোয়াখালী, ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর, নরসিংদী, চাঁপাইনবাগঞ্জ, কক্সবাজার, মাগুরা, নঁওগাঁ, রংপুর ও রাজশাহীতে প্রায় দু'শ মানুষের মৃত্যু হয়। নিখোঁজ হয় আরো কয়েকশ' মানুষ। আন্তর্জাতিক সাহায্য সংস্থা কেয়ার ও সলিডারিটিজ ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথভাবে এনএআরআরআই কনসোর্টিয়ামের চার সদস্য অ্যাকশন এইড, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড, ইসলামিক রিলিফ ও অক্সফাম এই প্রকল্পে অর্থসহায়তা দিচ্ছে। সংস্থাগুলো বলছে, আইলা দুর্গতদের কার্যকর পুনর্বাসনের জন্য একটি কর্মসূচির আওতায় সরকারকে ওইসব এলাকায় খাদ্য সহায়তা দিতে হবে, যেখানে বিশেষ কার্ডের মাধ্যমে দুর্গতদের খাদ্য ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণে সহায়তা দেওয়া হবে। 'এমারজেন্সি ফুড সিকিউরিটি অ্যান্ড লাইভলিহুড সাপোর্ট ইন দি সাইক্লোন আইলা অ্যাফেক্টেড রিজিয়ন ইন বাংলাদেশ' শীর্ষক এ প্রকল্প খুলনার দাকোপ ও কয়রা এবং সাতক্ষীরা জেলার আশাশুনি ও শ্যামনগর উপজেলায় আগামী সাত মাস ধরে চলবে। এতে অর্থায়ন করবে ইউরোপীয় কমিশনের হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড সিভিল প্রোটেকশান ডিপার্টমেন্ট (ইকো)। এ প্রকল্পের আওতায় ওইসব অঞ্চলের বাসিন্দাদের ৩০ দিনের জন্য কাজের বিনিময়ে অর্থ দেওয়া হবে। ওইসব অঞ্চলে নিরাপদ খাবার পানির জন্য পুকুর কাটা, রাস্তা নির্মাণ ও খাল খননসহ বিভিন্ন সামাজিক অবকাঠামো নির্মাণের কাজ করবে তারা। ক্ষুদ্র কৃষক এবং যৌথ খামারিদের আট হাজার টাকা করে অনুদানও দেওয়া হবে। নারীপ্রধান পরিবার, বাঘের আক্রমণে স্বামীহারা বিধবা ও প্রতিবন্ধীসহ সবচেয়ে বঞ্চিতদের বিনা শর্তে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। এছাড়া এ প্রকল্পের আওতায় ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী সময়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসার জন্য ক্ষতিগ্রস্তদের দুর্যোগকালীন ঝুঁকি হ্রাস, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাষণ, পরিচ্ছন্নতা, পুষ্টি ও শিশুপালন বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। এর সঙ্গে ভাতাও দেওয়া হবে। বাংলাদেশে অক্সফামের কান্ট্রি ডিরেক্টর গ্যারেথ প্রাইস-জোনস বলেন, "আইলা দুর্গতদের জন্য বাংলাদেশ সরকার যেসব সহায়তা দিয়ে যাচ্ছে তার পরিপূরক হবে এই প্রকল্প, সরকারের কর্মসূচির স্থলাভিষিক্ত হবে না। আমরা অন্যদের সঙ্গে সমন্বিতভাবে দুর্গত এসব মানুষকে সহায়তা দিতে অঙ্গীকারাবদ্ধ।" ওই দুর্যোগের দুই বছর পেরিয়ে যাওয়ার পরেও মানবেতর জীবনযাপন করা পরিবারগুলোকে এ প্রকল্প আবার নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিবে বলে তিনি আশা প্রকাশ করেন। অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, ভবিষ্যতে এ ধরনের বিপর্যয়কর সঙ্কট এড়াতে টেকসই দীর্ঘমেয়াদী বাধ রক্ষণাবেক্ষণ নিশ্চিতে সরকারি ও বেসরকারি খাতকে স্থানীয় জনগণের সঙ্গে একযোগে কাজ করতে হবে। ২০০৯ সালের ২৫ মে প্রলয়ঙ্করী ওই ঘূর্ণিঝড় আঘাত হানার পর থেকেই সংশ্লিষ্ট এই আন্তর্জাতিক সংস্থাগুলো আইলা দুর্গতদের জন্য কাজ করে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এইচএ/২১৫২ ঘ.