ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমোদিত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের একটি পরীক্ষা নিয়ে তাৎক্ষণিকভাবে ড্রাইভিং লাইসেন্স দেবে বিআরটিএ।
যোগাযোগ মন্ত্রণালয়ে বুধবার এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে। তবে এ প্রক্রিয়া শুরু হতে আরো এক বছর লাগবে বলে জানিয়েছেন যোগাযোগ সচিব মোজাম্মেল হক খান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনুমোদিত প্রতিষ্ঠানের চালক প্রশিক্ষণ কোর্স শেষ হলে সেখানে বাংলাদেশ সড়ক পরিবহন কৃর্তপক্ষ (বিআরটিএ) গিয়ে পরীক্ষা নেবে। পরীক্ষা শেষে উত্তীর্ণদের তাৎক্ষণিক লাইসেন্স প্রদান করা হবে।"
বর্তমানে প্রশিক্ষণ নেওয়ার পর ড্রাইভিং লাইসেন্সের জন্য স্বউদ্যোগে বিআরটিএতে যেতে হয়। এতে ব্যাপক হয়রানির স্বীকার হতে হয় বলে অভিযোগ রয়েছে।
সড়ক দুর্ঘটনা কমাতে ভুয়া/জাল ড্রাইভিং লাইসেন্স প্রতিরোধ এবং দক্ষ ও সচেতন গাড়িচালক তৈরির বিষয় নিয়ে ওই সভা হয়।
সচিব বৈঠকে জানান, জাল ড্রাইভিং লাইসেন্স প্রতিরোধে আগামী জুন মাস থেকে ড্রাইভিং লাইসেন্স তৈরির সঙ্গে সঙ্গে আবেদনকারীর মোবাইল ফোনে এসএমএস চলে যাবে এবং তাৎক্ষণিকভাবে ছবি তুলে আবেদনকারীকে লাইসেন্স দেওয়া হবে।
তিনি জানান, বর্তমানে বাংলাদেশের নিবন্ধিত যানবাহনের সংখ্যা প্রায় ১৫ লাখ। ড্রাইভিং লাইসেন্সধারী রয়েছেন প্রায় ১০ লাখ। এছাড়া ৫ লাখ গাড়িচালক ভুয়া লাইসেন্স দিয়ে বা লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছে।
বছরে প্রায় সাড়ে ৩ হাজার ড্রাইভিং লাইসেন্স দেওয়ার সামর্থ্য বিআরটিএ'র রয়েছে। তবে বছরে চাহিদা প্রায় ৩৫ হাজার লাইসেন্স।
সচিব জানান, পুলিশের তথ্যানুযায়ী দেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ৪ হাজার প্রাণহানি ঘটে এবং ৫ হাজার কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়।
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, এ পর্যন্ত ৭০ হাজার চালক চাকরি নিয়ে বিদেশ গেছে। তবে অনেকেই ভুয়া লাইসেন্স নিয়ে যাওয়ায় নানা ধরনের জটিলতা তৈরি হয়।
সভায় সিদ্ধান্ত হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোতে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে মটর ড্রাইভিং কোর্স চালু করা হবে।
এছাড়া স্কুল কলেজের পাঠ্যসূচিতে ট্রাফিক আইন সংক্রান্ত বিষয়াবলী অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে বিআরটিএ চেয়ারম্যান আইয়ুবুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, রাজধানীতে অতিরিক্ত বাস ভাড়া আদায় ঠেকাতে সাতটি ভ্রাম্যমাণ আদালত বুধবার কাজ শুরু করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৫০০ ঘ.
bdnews24