২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে নৌকাডুবিতে এক পরিবারের ৩ জনসহ নিখোঁজ ৬

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় একটি হাওরে নৌকাডুবিতে এক পরিবারের তিনজনসহ ছয় যাত্রী নিখোঁজ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 05:27 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

সিলেট, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় একটি হাওরে নৌকাডুবিতে এক পরিবারের তিনজনসহ ছয় যাত্রী নিখোঁজ হয়েছে। সোমবার বিকেলে দক্ষিণ সুরমার কাশনিয়ার হাওরে এ ঘটনা ঘটে। নিখোঁজ তিনজনের পরিচয় পাওয়া গছে। তারা হলেন দক্ষিণ সুরমার মির্জানগর গ্রামের রইছ আলীর ছেলে ফারুক আহমদ (৪৭), তার মেয়ে ফাহমিদা আক্তার এনি (১১) ও ছেলে শরিফুল ইসলাম (৭)। দক্ষিণ সুরমা থানার ওসি আবু ইকবাল হায়াত জানান, বিকেলে পার্শ্ববর্তী ফেঞ্চুগঞ্জের মির্জানগর থেকে দক্ষিণ সুরমাগামী একটি বারকি নৌকার ছয় জন যাত্রী কাশনিয়ার হাওরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় ওই হাওরে আরো দুটি নৌকা ডুবেছে বলে জানান ওসি ইকবাল। তবে ওই নৌকা দুটির যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক পরিমল কুন্ডু জানান, রাতে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালায়। রাত হয়ে যাওয়ায় উদ্ধার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে আবার উদ্ধার তৎপরতা শুরু হবে। নিখোঁজ ফারুক আহমদের বড় ভাই ইলিয়াস আলী জানান, তার ভাই ও ভাতিজা-ভাতিজি আত্মীয়ের বাড়িতে যেতে জন্য নৌকায় দক্ষিণ সুরমায় যাচ্ছিলেন। তিনি জানান, তাদের নৌকায় সোনাপুর গ্রামের আরো তিনজন যাত্রী ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩১৯ ঘ.