খুলনা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা নগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার একটি বাসায় এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
হত্যার পর দুর্বৃত্তরা নগদ ২২ লাখ টাকাসহ কোটি টাকার সম্পদ নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।
প্রান্তিকা আবাসিক এলাকার ওই বাড়ির বাসিন্দা কাকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকেলে তিনি ও তার স্বামী বাসায় ছিলেন না। তার শাশুড়ি রাজিয়া সুলতানা (৭২) একাই বাসায় ছিলেন।
কাকন জানান, সন্ধ্যার দিকে তিনি বাসায় ফিরে দেখতে পান কেলাপসিবল গেটের তালা ভাঙা। তিনি ভেতরে ঢুকে দেখেন রান্নাঘরে হাত-পা বাঁধা অবস্থায় তার শাশুড়ির মৃতদেহ পড়ে আছে।
তিনি জানান, ঘরের আলমারি ভেঙে দুর্বৃত্তরা নগদ ২২ লাখ টাকা, ৩০ ভরি স্বর্ণালঙ্কার এবং ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র নিয়ে গেছে।
খুলনা থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, রাজিয়া সুলতানাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে টাকা, স্বর্ণলঙ্কার ও অন্য কি কি মালামাল খোয়া গেছে সে ব্যাপারে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/কেএমএস/২১৩৭ ঘ.
bdnews24