বরিশাল, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের গৌরনদী উপজেলায় নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন।
সোমবার বিকালে বেজহার এলাকায় এই দুর্ঘটনায় নিহতরা হলেন- সেন্টু খান (২২) ও সোহেল রানা (২০)।
আহত পলাশ হাওলাদারকে (২৭) গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনজনই বরিশাল নগরীর রূপাতলী এলাকার বাসিন্দা। এরা মোটরসাইকেলে ফেনসিডিল বহন করছিল বলে পুলিশ জানিয়েছে।
গৌরনদী থানার ওসি নূরুল ইসলাম জানান, এই তিনজন ফেন্সিডিল নিয়ে মোটরসাইকেলে বেনাপোল থেকে বরিশাল যাচ্ছিলেন। বিকাল সাড়ে ৪টার দিকে বেজহার অতিক্রমকালে বিপরীতমুখী নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে তিন মোটরসাইকেল আরোহী মহাসড়কের পাশে ডোবায় পড়ে যান। ঘটনাস্থলে নিহত হন সেন্টু খান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর মারা যান সোহেল রানা।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, দুর্ঘটনায় আহত ও নিহতদের শরীরের বিভিন্ন স্থানে ফেন্সিডিলের শতাধিক বোতল বাঁধা ছিলো। এরমধ্যে ২৮টি অক্ষত ছিল। বাকিগুলো ভেঙে গেছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.
bdnews24