ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অগাস্ট মাসে অনুষ্ঠিতব্য পদোন্নতি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য জনপ্রশাসনের বিভিন্ন ক্যাডারভুক্ত কর্মকর্তাদেরকে ১৫ জুনের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদনপত্র জমা দিতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় এগুলো যাচাই-বাছাই করে ২০ জুনের মধ্যে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ে জমা দেবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ-প্রশাসন শাখা-৫-এর এক আদেশে এ কথা বলা হয়েছে।
১৯ মে জারি করা এ আদেশটি সোমবার সকল মন্ত্রণালয় ও বিভাগসহ সরকারি প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, পিএসসি ঘোষিত আগামী আগস্টের পদোন্নতি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী কর্মকর্তাদেরকে ১৫ জুনের মধ্যে যথাযথ প্রফর্মা অনুযায়ী আবেদনপত্র পূরণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দিতে হবে। এ তারিখের পর কোন আবেদন জমা নেওয়া হবে না। এ তারিখের পরে আসা আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
আগামী ২০ জুনের মধ্যে আবেদনগুলো পিএসসিতে পৌঁছানোর সুবিধার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এতে বলা হয়।
এতে আরো বলা হয়, নিজ ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তর প্রধানের মাধ্যমে এসব কর্মকর্তাকে আবেদনপত্র জমা দিতে হবে। তাদের আবেদনগুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা করতে হবে। আবেদনকারী বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সরাসরি কোন আবেদন পিএসসিতে জমা দিতে পারবেন না।
এর আগে গত ২৫ এপ্রিল পিএসসি'র পরিচালক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় পদোন্নতির পরীক্ষা আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে।
পিএসসি'র ঘোষিত নিয়ম অনুযায়ী, পদোন্নতি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ক্যাডারভূক্ত কর্মকর্তাদের সরকারি চাকরির মেয়াদ আগামী ১ আগস্ট পর্যন্ত চার বছরের বেশি অথবা ১৪ বছরের কম হতে হবে। চাকরির মেয়াদ চার বছরের কম বা ১৪ বছরের বেশি হয়েছে, এমন কর্মকর্তারা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন না। কোন কর্মকর্তা একইসঙ্গে তিনটির বেশি পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৭৫৫ ঘ.
bdnews24