ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছর যারা হজে যেতে চান তাদের আগামী ৭ জুলাইয়ের মধ্যে ফি জমা দিতে হবে।
এবারের ফি প্রায় ৩ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে জানিয়ে বেসামরিক বিমান চলাচলমন্ত্রী জিএম কাদের বলেছেন, ৭ জুলাইয়ের পর কোনো ফি নেওয়া হবে না।
সোমবার মন্ত্রণালয়ে হজ নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভার পর তিনি এ কথা বলেন।
এবার হজ এজেন্সিগুলো ২ লাখ ৫৯ হাজার টাকার নিচে কোনো হজযাত্রী নিতে পারবে না।
মন্ত্রী বলেন, "হজ এজেন্সিগুলো যেন মানসম্মতভাবে হাজযাত্রী নিয়ে যেতে পারে, তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
এবার হজ ফ্লাইট শুরু হবে আগামী ২৯ সেপ্টেম্বর, ৩১ অক্টোবর পর্যন্ত হজযাত্রীদের নেওয়া হবে। ফিরতি ফ্লাইট ১৫ নভেম্বর শুরু হয়ে ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে।
এ বছর মোট ১ লাখ ২০ হাজার জনকে হজে নেওয়া হবে বলে মন্ত্রী জানান।
হজযাত্রীদের পরিবহন ও সুযোগ-সুবিধা নিরীক্ষণে একটি টাস্কফোর্স গঠন করা হচ্ছে। সুযোগ সুবিধা নিশ্চিত করতে না পারলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী জানান।
হজ ফ্লাইট বণ্টনের বিষয়টি ৭ জুলাইয়ের পর চূড়ান্ত হবে বলে জানান কাদের। তিনি একইসঙ্গে বলেন, যাত্রী পরিবহনে বাংলাদেশ বিমানকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।
সভায় বিমান সচিব আতাহারুল ইসলাম, ধর্ম সচিব কাজী হাবিবুল আউয়ালসহ স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রনালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৫০০ ঘ.
bdnews24