গাজীপুর, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক ছাঁটাই নিয়ে গাজীপুরের টঙ্গীতে একটি পলিমার কারখানায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।
সংঘর্ষ চলাকালে পাঁচ শ্রমিককে আটক করেছে পুলিশ।
রোববার ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড'র কারখানায় শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করেছে।
পথচারী, শ্রমিক ও চার পুলিশসহ আহতদের টঙ্গীর সরকারি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মো. তাজুল ইসলাম জানান, গত ৯ মে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড'র হারিজ মিয়া ও দুলাল মিয়া নামের দুজন শ্রমিককে ছাঁটাই করে কর্তৃপক্ষ।
এর প্রতিবাদে রোববার বিকাল সাড়ে ৩টার দিকে শ্রমিকরা কারখানা গেটে অবস্থান নেয়। কর্তৃপক্ষের ডাকা পুলিশ গিয়ে লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়।
এরপর পলিমার ইউনিয়ন সভাপতি মো. বেলাল আহমেদ, অপারেটর মনিরুজ্জামান, বিভাস দাস, মোহাম্মদ আলী ও মো. হারেসকে আটক করা হয় ।
এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মৃদু লাঠিপেটা করে। দুই রাউন্ড কাঁদানে গ্যাস সেল ও তিন রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
শ্রমিকদের ইট-পাটকেলে পুলিশের কনস্টেবল আমিরুল ইসলাম, জুয়েল, সোহেল রানা ও মাহবুবুর রহমান আহত হন।
শ্রমিক শাহ আলম জানান, পুলিশের পিটুনিতে আবদুল মান্নান, কবির হোসেন, কলেজ ছাত্র বাবুল, মনির হোসেন, জাহাঙ্গীর আলম, মিজান, শাহআলম, কাজল, রুনা, নারগিছ, ফারুক, কামাল হোসেন, রিপন, সজল, পারভীন, হোসনে আরা, শাহিদা বেগম, শাহানা ও হেনাসহ অন্তত ২৫ জন আহত হয়।
কারখানাসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২০ ঘ.
bdnews24