রাঙামাটি, মে ২১ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য শান্তিচুক্তিবিরোধী সংগঠন ইউপিডিএফের কেন্দ্রীয় নেতাসহ কয়েকজনকে হত্যার প্রতিবাদে সোমবার রাঙামাটিতে পূর্ণদিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি।
শনিবার বিকালে ইউপিএফের প্রেস শাখা প্রধান সোনামনি চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
একইদিন সকালে রাঙামাটির বরকল উপজেলার শুভলং ইউনিয়নের নারেছড়ি এলাকায় গুলিতে নিহত হয়েছেন ইউপিডিএফের এক কেন্দ্রীয় নেতাসহ অন্তত দুজন। ইউপিডিএফ হামলার জন্য জেএসএসকে দায়ী করে চার জন নিহত হওয়ার খবর দিয়েছে। পুলিশ আগে দুটি লাশ উদ্ধারের কথা জানালেও পরে একজনের নাম জানায়।
জনসংহতি সমিতি- জেএসএস অবশ্য হামলায় দায় অস্বীকার করেছে।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিমেষ চাকমাসহ চার ইউপিডিএফ সদস্য হত্যার প্রতিবাদ, সন্তু গ্র"পের সদস্যদের গ্রেপ্তার ও বিচার এবং সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদ থেকে অপসারণের দাবিতে সোমবার (২৩ মে) রাঙামাটি জেলাব্যাপী পূর্ণদিবস সড়ক ও নৌপথ অবরোধ করা হবে।
এর আগে ইউপিডিএফ রাঙামাটি জেলার সংগঠক অলকেষ চাকমা সাংবাদিকদের বলেন, "নারেছড়ি এলাকায় একটি বাড়িতে ছিলো ইউপিডিএফের ৬ সদস্যের একটি দল। সকাল ৮টার দিকে চুক্তি পক্ষের এক দল সশস্ত্র লোক অতর্কিতে ব্রাশফায়ার করে।"
তিনি বলেন, গুলিতে ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা অনিমেষ চাকমা, পুলক জীবন চাকমা, নব দ্বীপ চাকমা, কৃঞ্চভূষণ চাকমা ঘটনাস্থলেই নিহত হন। অন্য দুজন পালিয়ে বাঁচেন।
শান্তিচুক্তির পক্ষ-বিপক্ষের মধ্যে গোলাগুলির খবর স্বীকার করে বরকল থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ শহীদ সাংবাদিকদের বলেন, পুলিশ প্রবীন চাকমা নামের একজনের লাশ উদ্ধার করেছে।
ইউপিডিএফ হামলার জন্য জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করলেও দলটির কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহসম্পাদক সজীব চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জনসংহতি সমিতি সব সময় গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে। অস্ত্রে নয়।"
এক যুগ আগে সন্তু লারমা সরকারের সঙ্গে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরের পর এর বিরোধিতা করে গড়ে ওঠে ইউপিডিএফ। এরপর দুটি দলের বিরোধে পাহাড়ে অনেক রক্তক্ষয় হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/ডিডি/১৯৫১ ঘ.
bdnews24