২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে গ্রেপ্তার যুবক হুজির সদস্য

ঝিনাইদহ শহরে গ্রেপ্তার হওয়া আব্দুল আলীম ওরফে হালিমকে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য বলে দাবি করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 10:52 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঝিনাইদহ, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ শহরে গ্রেপ্তার হওয়া আব্দুল আলীম ওরফে হালিমকে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য বলে দাবি করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাতে আলীমকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুর ১২টার দিকে র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঝিনাইদহ র‌্যাবের অধিনায়ক মেজর সাখাওয়াত হোসেন এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তারা জানান, জঙ্গি সংগঠক আলীম ওরফে হালিম দীর্ঘ ৮ বছর ধরে শহরের আরাপপুর মাস্টারপাড়ার ফার্নিচারের দোকানের আড়ালে অস্ত্র, গুলি ও বোমা তৈরির কারখানা গড়ে তোলে। এ পর্যন্ত আলীম শতাধিক অস্ত্র বেচা-কেনা করেছে। এ ছাড়া তার কাছে হরকাতুল জিহাদের সদস্যরা নিয়মিত আসা যাওয়া করতো বলে জানান র‌্যাব কর্মকর্তা। আলীম শহরের খাজুরা গ্রামের বাসিন্দা। তাকে গ্রেপ্তারের সময় তার দোকান থেকে ৩টি শাটারগান, ১টি পিস্তল, ২টি বোমা, ৫শ' গ্রাম গান পাউডার, জিহাদী বই, অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আলীমকে টিএফআই সেলে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নেওয়া হবে বলে র‌্যাব কর্মকর্তা জানান। আলীম সাংবাদিকদের জানান, সে হুজির সদস্য নয়। কয়েকজন মাদ্রাসা ছাত্র তার কাছে হুজির জিহাদী বই-পত্র রেখে গেছে। তবে আলীম অস্ত্র ও বোমা তৈরি এবং বেচা-কেনার কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬৫২ ঘ.