ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন মাইক্রোসফট কর্পোরেশনের চেয়ারম্যান ও বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার উইলিয়াম বিল গেটস।
সোমবার সন্ধ্যায় সুইজারল্যান্ডের জেনেভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বিল এই আগ্রহের কথা জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ পরে সাংবাদিকদের বলেন, বিল গেটস ডিজিটাল বাংলাদেশ নির্মাণের স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার সুপরিকল্পিত, আধুনিক ও দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে সহযোগিতা বৃদ্ধির কথা বলেন।
দারিদ্র্য বিমোচনের অঙ্গীকার ও প্রচেষ্টার জন্য প্রধানমন্ত্রী মাইক্রোসফট প্রধানকে ধন্যবাদ জানিয়ে বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যে তার সরকার সমাজের সব পর্যায়ে নারীর অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ।
বাংলাদেশে শিশু ও মাতৃমৃত্যু হার কমিয়ে আনতে সরকারের বিভিন্ন কর্মসূচি সম্পর্কেও বিল গেটসকে অবহিত করেন প্রধানমন্ত্রী। শিশুমৃত্যু হার কমিয়ে আনার ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতিসংঘের এমডিজি পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান বিল গেটস।
অন্যদের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা অধ্যাপক ড. সৈয়দ মোদাচ্ছের আলী, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম এ সময় উপস্থিত ছিলেন।
বিশ্ব আবহাওয়া কংগ্রেস ও বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে গত রোববার সুইজারল্যান্ডে পৌঁছান শেখ হাসিনা। ২৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২১৪২ ঘ.
bdnews24