রাঙামাটি, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন পার্বত্য জেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকরা বেতনের ৩০ শতাংশ পাহাড়ি ভাতা দেওয়ার দাবি পূরণের আহ্বান জানিয়েছেন।
এ দাবি আদায়ের জন্য তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। এরপরও দাবি না মানলে বাজেট ঘোষণার পর থেকে লাগাতার ধর্মঘটের হুমকি দেন।
সোমবার রাঙামাটি সাংবাদিক ফোরামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে বৃহত্তর তিন পার্বত্য জেলা শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদ।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পরিষদের প্রধান সমন্বয়কারী রাঙামাটির শিক্ষক রণতোষ মল্লিক, মো. ইসহাক, মেরী মারমা, খাগড়াছড়ির শিক্ষক অজিত বরণ চাকমা, বান্দরবানের আবুল কাশেম প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন তিন পার্বত্য জেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার অন্তত ৩০ জন শিক্ষক নেতৃবৃন্দ।
তাদের কর্মসূচির মধ্যে রয়েছে- বিভিন্ন পেশাজীবী ব্যক্তির সঙ্গে সমন্বয় নেতৃবৃন্দের মতবিনিময়, ২৬ মে তিন পার্বত্য জেলা সদরে শিক্ষকদের মানববন্ধন, ৭ জুন সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় শিক্ষকদের কালোব্যাচ ধারণ, ৮ জুন শ্রেণীকক্ষে ২ ঘণ্টা পাঠদান বিরতি।
এরপরও বাজেটে তাদের দাবি না মানলে লাগাতার ধর্মঘট শুরু করবেন।
শিক্ষক নেতারা বলেন, দীর্ঘ দু'যুগেরও বেশি সময় ধরে পার্বত্য এলাকায় শিক্ষক-কর্মচারীরা পাহাড়ি ভাতার দাবিতে আন্দোলন করে আসছেন।
বর্তমান প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রীরা একাধিকবার প্রতিশ্র"তি দিলেও তা পূরণ হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৫ ঘ.
bdnews24