চট্টগ্রাম, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুরে ব্যবসায়ী হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরো দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকায় ১৪৪ ধারা বহাল আছে।
রোববার ধর্মপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ওমর আলী ও এরশাদ। এর আগে শনিবার মাসুমা বেগম ও জাহেদা বেগম নামের দুই প্রতিবেশীকে গ্রেপ্তার করে পুলিশ।
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার দুপুরে ব্যবসায়ী আবদুল গণিকে (৫০) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। আবদুল গণি হেঁয়াকো বাজার কমিটির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি।
এসময় আবদুল গণির ভাগ্নে সিরাজুল ইসলামও গুরুতর আহত হন।
ভুজপুর থানার উপ পরিদর্শক (এসআই) আসলাম শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
থানার দাঁতমারা ইউনিয়নের ধর্মপুর ও হেঁয়াকো বাজার এলাকায় ১৪৪ ধারা জারি আছে জানিয়ে আসলাম শিকদার বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।
শনিবার পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আবদুল গণির সাথে জমি নিয়ে দুই প্রতিবেশী আবু ও বাবুর বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে।
শনিবার গ্রেপ্তারকৃত মাসুমা বেগম ও জাহেদা বেগম অভিযুক্ত প্রতিবেশী আবু ও বাবুর স্ত্রী বলে পুলিশ জানিয়েছে।
আবদুল গণি দুবৃর্ত্তদের হাতে নিহত হওয়ার পর শনিবার বিকালে বিক্ষুব্ধ এলাকাবাসী আবু ও বাবুর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় স্থানীয় প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে।
স্থানীয় সাংবাদিক আবুল মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হেঁয়াকো বাজার বণিক কল্যাণ সমিতি ঘটনার প্রতিবাদে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।
আসলাম শিকদার জানান, আবদুল গনির লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/কেএমএস/২২০৬ ঘ.
bdnews24