সাতক্ষীরা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার বৈকারি সীমান্তে বাংলাদেশি এক যুবককে হত্যার পর বাংলাদেশের সীমানায় লাশ ফেলে রেখে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।
রোববার ভোররাতে বিএসএফ এই ঘটনা ঘটায়।
এর প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়ে পতাকা বৈঠক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নিহত মিলন বিশ্বাস (২২) সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি গ্রামের মুজিবর রহমান বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় মিলনসহ ৫/৭ জন রাখাল ভারতে গরু আনতে যায়। রোববার ভোররাতে তারা ফেরার সময় বিএসএফ ৪৭ ব্যাটালিয়নের সনফুল ক্যাম্পের সদস্যরা তাদেরকে ধাওয়া করে। অন্যরা পালিয়ে সীমান্ত অতিক্রম করে ফিরে আসতে পারলেও মিলন বিএসএফের হাতে ধরা পড়ে।
বিএসএফ সদস্যরা তাকে হত্যা করে লাশ বৈকারি সীমান্তের কাছে ধান ক্ষেতে ফেলে রেখে যায়। সকালে মিলনের লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী বিজিবি বৈকারি ক্যাম্পে খবর দেয়।
বিজিবি ৪১ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর খোরশেদ আলম সাংবাদিকদের জানান, সকালে বিজিবির পক্ষ থেকে ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়। চিঠিতে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। বিএসএফ তাতে সাড়া দিয়ে সকাল সোয়া ১১টার দিকে বৈকারি সীমান্তে বৈঠকে বসে।
খোরশেদ আলম জানান, সেখানে ১০ মিনিটের বৈঠকে বিএসএফ এই হত্যার সঙ্গে জড়িত নয় বলে জানায়। বিএসএফ বলেছে এটা বাংলাদেশ ভূখণ্ডের অভ্যন্তরীণ কোনো ঘটনা।
পতাকা বৈঠকে বিএসএফের নেতৃত্বে ছিলেন ভারতের কৈজুরি বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর জি এম পাপ্পু এবং বিজিবি কুশখালি ক্যাম্প কমান্ডার আকবর আলী।
সদর থানার ওসি শাহজাহান আলী খাঁন জানান, ময়নাতদন্তের জন্য মিলনের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৬২৯ ঘ.
bdnews24