চট্টগ্রাম, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুরে এক ব্যবসায়ী হত্যার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে সহকারী কমিশনার (ভূমি) শনিবার রাতে এ আদেশ দেন বলে জানিয়েছেন ভুজপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম শিকদার।
তিনি বলেন, রাত ৯টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্তভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের ধর্মপুর ও হেঁয়াকো বাজারে ১৪৪ ধারা বলবৎ থাকবে।
জমি নিয়ে বিরোধের জেরে শনিবার দুপুরে ধর্মপুরে ব্যবসায়ী আবদুল গণিকে (৫০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আবদুল গণি হোয়াঁকো বাজার কমিটির সভাপতি এবং ইউনিয়ন বিএনপি'র সাবেক সহ-সভাপতি ছিলেন।
ভুজপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আব্দুল গণির সঙ্গে দুই প্রতিবেশীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিলো। এ বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে।
এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা আব্দুল গণির প্রতিবেশী আবু টেইলার ও বাবু নামের দুই ভাইয়ের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সন্ধ্যায় পুলিশ ও বিজিবি সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ওই দুই ভাইয়ের স্ত্রীদের আটক করে থানায় নিয়ে গেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ফটিকছড়ির স্থানীয় সাংবাদিক আবুল মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর আড়াইটার দিকে আব্দুল গণি তার ভাগ্নেকে মোটরসাইকেলে নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিলেন।
এ সময় দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে এবং আব্দুল গণিকে নামিয়ে বাড়ির সামনেই জবাই করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/সিএস/কেএমএস/ডিডি/২৩৪৬ ঘ.
bdnews24