২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে সংঘর্ষে আহত ৩০

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার জেরে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নে দু'দলের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2011, 04:40 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

গোপালগঞ্জ, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার জেরে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নে দু'দলের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। শনিবার বিকাল ও সন্ধ্যায় দুইদফায় এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে। ঘটনাস্থল থেকে লিটন (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহতদের মধ্যে ১৫ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, মাঝিগাতী সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক ছাত্রী স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে গোপীনাথপুরে বিকাল ৩ টার দিকে স্থানীয় চেয়ারম্যান পদপ্রার্থী মুকসুদ আলী খানের ছেলে বাবু খান তাকে ঢিল মারে। আরেক চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজুর রহমান খান মুকুলের লোকজন এর প্রতিবাদ করলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার জেরে সন্ধ্যা ৬টার দিকে দু'পক্ষ আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের আরো অন্তত ২০ জন আহত হয়। এ সংঘর্ষ থামাতে পুলিশ ফাঁকা গুলি বর্ষণ করে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩২ ঘ.