ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমন্ত্রণ করা হলেও বায়তুল মোকাররমের খতিব ও পাঁচ মাদ্রাসা অধ্যক্ষ নারীনীতি নিয়ে এক মুক্ত আলোচনায় যোগ দেননি বলে জানিয়েছেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান।
'জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১' শিরোনামের শনিবারের এ গোলটেবিল আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন। এতে অংশ নিতে সুশীল সমাজ, মানবাধিকার ও নারী উন্নয়ন নেতা, সাংবাদিকসহ বায়তুল মোকাররমের খতিব ও মাদ্রাসার অধ্যক্ষদের আমন্ত্রণ জানানো হয়।
বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনে এ গোলটেবিলে নারীনীতি-২০১১'র মূল বৈশিষ্ট্যগুলো উপস্থাপন এবং এর সম্ভাবনা-সীমাবদ্ধতা সম্পর্কিত মুক্ত আলোচনা হওয়ার কথা ছিল।
নারী উন্নয়ন নীতি-২০১১ নিয়ে মুফতি আমিনী ও কয়েকটি ইসলামী দলের বিরোধিতা-আন্দোলন-হরতাল সম্পর্কে বলতে গিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, "মানবাধিকার কমিশন কোনো সরকারি প্রতিষ্ঠান নয়। এটি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। আজকের আলোচনার জন্য বায়তুল মোকাররমের খতিব ও বড়ো পাঁচটি মাদ্রাসার অধ্যক্ষকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু তারা আসেননি।"
কোন্ পাঁচ মাদ্রাসার অধ্যক্ষকে আমন্ত্রণ জানানো হয়েছিলো তা জানায়নি কমিশন। অন্যদিকে বায়তুল মোকাররমের খতিব কেন আলোচনায় জাননি তা জানতে চাইলে ইসলামিক ফাউন্ডেশন থেকে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, তিনি বর্তমানে এক মাসের জন্য দেশের বাইরে রয়েছেন।
আলোচনার বদলে হরতাল-আন্দোলনের পথ বেছে নেওয়াকে তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা বলে মন্তব্য করেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান।
একই সঙ্গে আগামী বাজেটে নারী নীতির বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারের কাছে তিনি বিশেষ বরাদ্দের দাবি জানান।
ইসলামিক ফাউন্ডেশনের গবেষক ড. সৈয়দ আবদুল্লাহ আল মারুফ বলেন, "আমাদের মধ্যে অনেকই আছেন যারা কোরআনের সঠিক ব্যাখ্যা দেন না কিংবা জানেন না। তবে নারী নীতি প্রণয়নের কাজের সঙ্গে দু'একজন ধর্মীয় মানুষকে রাখা যেত।"
এছাড়া বক্তারা সরকারের নিকট চলতি নারীনীতিতে সম্পত্তি ও নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে সীমাবদ্ধতাগুলো উত্তরণের দাবি করে অচিরেই এটিকে আইনে পরিণত করার আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/পিডি/২০২৩ ঘ.
bdnews24