২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ঝলক' আমদানিকারকের শাস্তি চাইলেন কৃষকরা

নোয়াখালীতে হাইব্রিড ধান ঝলক চাষ করে ক্ষতিগ্রস্থ কৃষকরা সংবাদ সম্মেলন করে ক্ষতিপূরণ ও বীজ আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2011, 12:11 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

নোয়াখালী, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে হাইব্রিড ধান ঝলক চাষ করে ক্ষতিগ্রস্থ কৃষকরা সংবাদ সম্মেলন করে ক্ষতিপূরণ ও বীজ আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। শুক্রবার সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাব চত্বরে 'নোয়াখালীর ক্ষতিগ্রস্ত ঝলক চাষী' ব্যানারে এই সংবাদ সম্মেলনে ১০ দফা দাবি জানান তারা। চীনের বীজ কোম্পানি উইনার হাইটেক সিড কোম্পানির ঝলক (এগ্রো জি ১) বীজ এদেশে আমদানি করে এনার্জি প্যাক এগ্রো লিমিটেড। এই বীজ চাষ করে নোয়াখালী ও গোপালগঞ্জের চাষীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। নোয়াখালীর ক্ষতিগ্রস্ত ঝলক চাষীরা গত ২৪ এপ্রিল নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নষ্ট হয়ে যাওয়া ফসলে আগুন দেয় এবং পরে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করে। গোপালগঞ্জেও 'ঝলক' চাষ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে সরকার সমর্থক কৃষক লীগ। শুক্রবার নোয়াখালীতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেগমগঞ্জ উপজেলার আলাদিনগরের কৃষক মুক্তিযোদ্ধা আবুল হোসেন চৌধুরী। লিখিত বক্তব্যে জানানো হয়, নোয়াখালীর অন্তত ১০ হাজার কৃষক হাইব্রিড ধান ঝলক চাষ করে বিপর্যয়ের শিকার হয়েছে। কৃষকদের প্রায় ২৩ কোটি টাকার ফসল নষ্ট হয়ে গেছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। সরকারি হিসাবে এবার নোয়াখালীতে ১ হাজার ৬৬৫ হেক্টর জমিতে ঝলক ধানের আবাদ হয়। এর মধ্যে ১ হাজার ১৩৭ হেক্টর জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। কৃষি বিভাগ ইতোমধ্যে ৬ হাজার ৭৯২ জন ক্ষতিগ্রস্ত ঝলক চাষীর তালিকা তৈরি করে সরকার ও কোম্পানির কাছে পাঠিয়েছে। তবে সংবাদ সম্মেলনে কৃষকরা দাবি করেন, এই তালিকা বাস্তবসম্মত নয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলার ধন্যপুর গ্রামের কৃষক মুক্তিযোদ্ধা এনায়েত মেম্বার, কৃষক নেতা আনোয়ার হোসেন, বেগমগঞ্জের শরীফপুর ইউনিয়নের কামাল উদ্দিন, আজগর আলী, হাসানপুরের জহির উদ্দিন ভূঞা, বাহার উদ্দিন চৌধুরী ও শিমুল হাসান ভূঞা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৮০৮ ঘ.