সিলেট, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীর জিন্দাবাজারে একটি স্বর্ণের দোকানের দেয়াল ভেঙ্গে প্রায় ৬০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় আলী হোসেন নামের এক দোকান কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা সাংবাদিকদের জানান, শুক্রবার দিবাগত রাতে কোনো এক সময় জিন্দবাজারে হাজরী বিল্ডিংয়ের নীচ তলায় স্বর্ণা জুয়েলার্সের পাশের দোকান মুন সুজের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে চোরেরা। পরে ওই দোকানের ভেতরের দেয়াল ভেঙ্গে স্বর্ণের দোকানে ঢুকে লকার ও শোকেস ভেঙ্গে ৫শ' ৮৬ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
সোহেল রানা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মুন সুজের কর্মচারী আলী হোসেনকে আটক করেছে।
স্বর্ণা জুয়েলার্সের মালিক চন্দন দেব সংবাদিকদের বলেন, "গত ১ মে তিনি দোকানের হিসাব মিলিয়ে ৫৫৭ ভরি স্বর্ণালঙ্কার লকারে রাখেন। এছাড়া তাদের শোকেসে আরো ২৯ ভরি স্বর্ণের গহনা ছিলো।
তিনি জানান, সকালে দোকান খুলে তিনি লকার ও শোকেসের তালা ভাঙ্গা ও ফাঁকা দেখে পুলিশে খবর দেন।
স্বর্ণের দোকানে চুরির ঘটনার প্রতিবাদে শনিবার সিলেটে সব স্বর্ণের দোকান বন্ধ রাখবেন ব্যবসায়ীরা।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৬২২ ঘ.
bdnews24