২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করে ফেলা হয়েছে'

প্রধান বিরোধী দল বিএনপির প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, এই সরকারের আমলে দলীয়করণ করে বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করে ফেলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2011, 09:33 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপির প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, এই সরকারের আমলে দলীয়করণ করে বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করে ফেলা হয়েছে। জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগের প্রতিবাদে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, এই পদত্যাগ জাতির জন্য কলঙ্কজনক অধ্যায়। শুক্রবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে জয়নুল আবদিন ফারুক এ কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার বাতিলে সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে জয়নুল আবদিন ফারুক বলেন, "এই রায় সাংঘর্ষিক। কার কথায় বিচারকরা এ ধরণের রায় দিলেন- দেশের মানুষ তা জানতে চায়।" সংবিধান সংশোধনে বিশেষ কমিটির কাছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি বলেন, "শেখ হাসিনা প্রস্তাব করেছেন- তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে না পারলে পূর্বের সরকারের অধীনে নির্বাচন হবে। এরপর আদালত রায় দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল। এ থেকে বোঝা যায় সরকার আদালতের ওপর বন্দুক রেখে সব অপকর্ম করছে।" তিনি বলেন, "সংবিধান নিয়ে আজ ছিনিমিনি খেলা হচ্ছে। আমরা বলে দিতে চাই, সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান সংশোধন করা হলে তার পরিণতি শুভ হবে না। আমরা আন্দোলন করব।" একই সঙ্গে বর্তমান সরকারকে হটাতে মধ্যবর্তী নির্বাচনের দাবির কথাও পুনরুল্লেখ করেন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সমানে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউণ্ডেশনের উদ্যোগে 'তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল'-এর প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি হয়। সংসদে বিরোধী দলকে কথা বলতে দেয়া হয় না বলে অভিযোগ করে বিরোধী দলীয় প্রধান হুইপ বলেন, "আমরা আড়াই বছরে এক হাজারের ওপরে নেটিশ দিয়েছি। একটাও গ্রহণ করা হয়নি। জনগনের সমস্যার কথা সংসদে বলতে দেয়া হয় না।" জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউণ্ডেশনের চেয়ারম্যান এম এম মেহবুব রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৫৩৪ ঘ.