কুষ্টিয়া, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মাঝিলা গ্রামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জি. কে. সেচখালের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
যুবকের নাম নবীন আলী (৩৫)। বামনগাড়ি গ্রামে তার বাড়ি।
কুষ্টিয়ার সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সি এ হালিম সাংবাদিকদের জানান, সকালে এলাকাবাসী সেচখালের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
তিনি জানান, নবীন নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সদস্য।
তার বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় তিনটি হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। ধরা পড়ার ভয়ে সে পালিয়ে বেড়াচ্ছিল বলে জানান এএসপি।
পুলিশের ধারণা, প্রতিপক্ষের লোকজন নবীনকে শ্বাসরোধে হত্যা করে। তার গলায় তার বা রশি পেচানোর দাগ পাওয়া গেছে।
লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এএসপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮২৪ ঘ.
bdnews24